সিলেটে ঘুষখোর এসআই বরখাস্ত, ওসি প্রত্যাহার
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সিলেটের কানাইঘাট থানার এসআইসৈয়দ মওদুদ আহমদ রুমিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে এ ঘটনায় জড়িত পলাতক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ভূঁইয়াকে।
পুলিশ জানায়, জেলা পুলিশের উপ--মহা পরিদর্শকের (ডিআইজি) দপ্তর থেকে বুধবার ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়া হয়।
ডিআইজি সৈয়দ শাহ জামাল রাজ বুধবার সাংবাদিকদের জানান, কানাইঘাট থানায় নতুন ওসি হিসাবে গোপাল চক্রবর্তীকে নিয়োগ দেওয়া হচ্ছে।
একটি মামলার চার্জশিট থেকে রোপা মিয়া নামের এক আসামীকে বাদ দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষের প্রথম কিস্তি নেওয়ার সময় এসআই রুমিকে মঙ্গলবার র্যাব ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা হাতেনাতে আটক করেন।
ওই রাতেই ওসি মজিদ ভূঁইয়া পালায়। আটক এসআইয়ের বিরুদ্ধে দুদক মামলা করেছে।
