২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

গাইবান্ধা, ঠাকুরগাঁও, চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 07:05 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এর মধ্যে গাইবান্ধা জেলার রংপুর--বগুড়া মহাসড়কে মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন সাত ভ্যানযাত্রী।

বুধবার ঠাকুরগাঁওয়ে দুজন মোটর সাইকেল আরোহী এবং চট্টগ্রামে এক বাসচালক নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে নছিমন উল্টে মারা গেছেন একজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে গাইবান্ধা প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে রংপুর থেকে বগুড়াগামী গরু বোঝাই একটি ট্রাক (চট্ট -- মেট্ট্রো -- ৬১৯০৩) সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে দুটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে সাত ভ্যানযাত্রী নিহত এবং ১০ জন আহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে পাঁচটি গরুও মারা যায়।

নিহতরা হলেন-- হযরত (২৭), মোখলেস (৩০), আতিয়ার (২৮), জামাল (৩৫), সাজু (২৮), মোস্তফা (২৭) ও মতিয়ার রহমান (৪০)। তাদের বাড়ি বিষ্ণুপুর, আলিপুর, একবারপুর গ্রামে। কাজ শেষে তারা বাড়ি ফিরছিলেন। 

গুরুতর আহত ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও--বোদা সড়কের শ্যামাগাঁও এলাকায় বুধবার সকালে গাওসিয়া এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী মিনিবাস একটি মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। এরা হলেন, দুদুমারী এনজিও কর্মী রমেশ (২৮) ও  মুহিদুল (২৮)।

দুজনেরই বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার বামনপাড়া গ্রামে।

এ সময় বাসের পাঁচজন যাত্রী আহত হন। তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের আটরশির ওরস শেষে জাকেরানদের নিয়ে বাসটি আটোয়ারী ফিরছিল।

চট্টগ্রাম প্রতিনিধি জানান, নগরীর নিউমার্কেট এলাকায় বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় বাস চালক মো. সেলিম নিহত হয়েছেন।

পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে সিটি সার্ভিসের বাসটি স্টেশন হয়ে নিউ মার্কেটের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এতে সেলিম গুরুতর আহত হন। 

আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর যাঁতাহারা সড়কের ফুলকার মোড়ে মঙ্গলবার নছিমন উল্টে মো. মোজাহার নামে একজন নিহত হয়েছে। মোজাহারের বাড়ি নিয়ামতপুর উপজেলার সোনাপুর গ্রামে।

গোমস্তাপুর পুলিশ জানায়, ফুলকার মোড়ে চাকা খুলে একটি নছিমন উল্টে যায়। এ ঘটনায় গুরুতর আহত যাত্রী মোজাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।