২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৮

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় লবণের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহত ও অপর আটজন আহত হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে পেকুয়া বিলাছড়া আশ্রয় কেন্দ্রে এক পক্ষ হামলা চালালে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং অপর একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।

পেকুয়া থানা সূত্র জানায়, উপজেলার পেকুয়া ইউনিয়নের মইয়ারদিয়া এলাকার ২০ একর লবণের জমি দখলকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে মঙ্গলবার রাত প্রায় ১টা থেকে উত্তেজনা দেখা দেয়। ভোর ৬টার দিকে স্থানীয় দলিলুর রহমানের ছেলে মো. বাচ্চু মিয়ার নেতৃত্বে ২০-- ২৫ জনের সশস্ত্র একটি দল বিলাছড়া আশ্রয় কেন্দ্র এলাকায় অতর্কিত হামলা চালালে দু’পক্ষে সংঘর্ষ শুরু হয়।

এসময় গুলিবিদ্ধ হয়ে বিলাছড়া আশ্রয় কেন্দ্রের অধিবাসী মো. হানিফের ছেলে নাছির উদ্দিন (৩০) ও ছাবের আহমদের ছেলে রেজাউল করিম (১২) ঘটনাস্থলেই মারা যায়। আহতদের মধ্যে স্থানীয় আবুল কালামের ছেলে মো. কাজল (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ছাড়াও আহত হয়েছে মো. বাদশার মেয়ে রুবি আকতার (৮), জামাল উদ্দিন, মো. রফিক (২৮), মনোয়ারা বেগম (১০), জাকির হোসেন (৪০) ও নেজাম উদ্দিন। এরা বর্তমানে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নাছির উদ্দিন ও রেজাউল করিমের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হওয়ায় সে লাশ সেখানেই রয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষের এই ঘটনায় আবদুল মালেক, মোজাদ্দেদ, মো. নাজু ও নেজাম উদ্দিন নামে চারজনকে আটক করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে রাজাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। দায়িত্বরত এএসআই মোস্তফা কামাল জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।