ডিজেল--কেরোসিনের ভর্তুকি প্রত্যাহার করা হতে পারে
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লোকসান কমাতে ভর্তুকি তুলে দিয়ে জ্বালানি তেলের দাম আন্তজার্তিক বাজারের সঙ্গে সমন্বয় করতে চাইছে সরকার। আগামী মাসের মধ্যে এটি করা হলে স্থানীয় বাজারে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০ টাকা করে বাড়বে। অবশ্য একইসঙ্গে আমদানি শুল্ক ৫০ ভাগ কমানো হলে ডিজেল ও কেরোসিনের দাম বাড়বে লিটার প্রতি ৫ টাকা করে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় বাজারের দাম সমন্বয় না করায় বিপিসির পুঞ্জিভূত লোকসানের পরিমাণ এখন ১১ হাজার ৭২১ কোটি ৬৬ লাখ টাকা।
তেলের মূল্য সমন্বয় করা হলে শুধু ডিজেল এবং কেরোসিনের দামই বেশি বাড়বে। এতে সমস্যায় পড়বে কৃষিখাত। বাড়বে পরিবহন খরচও। এছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় পর্যায়ে তেলের দাম ঘনঘন ওঠা নামা করার সম্ভাবনা থাকবে।
আর অকটেন এবং পেট্রোল আন্তর্জাতিক বাজারের চেয়ে সামান্য বেশি দামে এখনই বিক্রি হওয়ায় সেগুলোর দাম তেমন বাড়বে না।
জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, “এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ যৌথভাবে কার্যপত্র উপস্থাপন করবে। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিপিসি সূত্র জানায়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল পরিশোধিত জ্বালানি তেলের দাম ৭০ মার্কিন ডলার। অপরিশোধিত তেলের দাম ৫৮ থেকে ৬০ মার্কিন ডলার।
দেশে বছরে ৩৮ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ২৪ লাখ মেট্রিক টন, কেরোসিন চার লাখ মেট্রিক টন, পেট্রোল পাঁচ লাখ মেট্রিক টন, অকটেন দুই লাখ মেট্রিক টন এবং বাকি তিন মেট্রিক টন জেট ফুয়েলসহ অন্যান্য জ্বালানি তেল। আমদানি করা মোট তেলের এক তৃতীয়াংশ আসে অপরিশোধিতভাবে। স্থানীয় পর্যায়ে পরে সেগুলো পরিশোধন করা হয়।
বর্তমানে আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে প্রতি ব্যারেল তেলের জন্য প্রিমিয়াম যোগ করা হয়। এরসঙ্গে প্রতি লিটার জ্বালানির জন্য সাত টাকা ৪৩ পয়সা হারে শুল্ক এবং স্থানীয় ব্যয় যোগ করে তেলের দাম নির্ধারণ করা হয়।
স্থানীয় ব্যয়ের মধ্যে পড়ে পরিবহন, তেল কোম্পানিগুলোর মার্জিন, ডিলার কমিশন, পোর্ট হ্যান্ডলিং চার্জ এবং বিপিসির নিজস্ব চার্জ।
এই হিসাবে বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনের দাম ৩৩ টাকা। পেট্রোল প্রতি লিটার ৫৬ এবং অকটেনের দাম ৫৮ টাকা। বিপিসি প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনে দশ টাকা হারে ভর্তুকি দিচ্ছে। দাম সমন্বয় করা হলে এই ভর্তুকি প্রত্যাহার করে নেওয়া হবে।
সূত্র জানায়, তেলবাহী জাহাজ দেশ পৌঁছার পর বিএল (বিল অব লোডিং) এর তারিখ থেকে পেছনের পাঁচ দিনের আন্তর্জাতিক বাজার দর গড় করে আমদানি করা তেলের প্রাথমিক দাম ঠিক করা হয়। এর সঙ্গে উল্লেখিত ব্যয় সংযোজন করে স্থানীয় বাজারের দাম নির্ধারণ হয়।
তেলের দাম বাড়ানোর ফলে গ্রাহক পর্যায়ের ধকল সহনীয় মাত্রায় রাখার জন্য আমদানি শুল্ক কমানোর ব্যাপারটি বিবেচনা করছে সরকার।
সূত্র জানায় বর্তমানে এক লিটার তেলের জন্য শুল্ক আদায় করা হয় সাত টাকা ৪৩ পয়সা। এর পরিমাণ ৫০ শতাংশ কমানো হলে ডিজেল এবং কেরোসিনের দাম বর্তমানের চেয়ে পাঁচ টাকা বাড়বে।
