২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শাহিল হত্যা মামলায় মহিলাসহ ১১ জনের যাবজ্জীবন

এহসানুল হক শাহিল নামের এক তরুণ ক্রিকেটারকে হত্যার দায়ে এক মহিলাসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 11:02 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

জরিমানা অনাদায়ে তাদের  আরও ৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক খন্দকার গোলাম মোস্তফা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলো শহরের কাটনারপাড়া এলাকার দেওঅন্তী রাণী, রিপন, ভুট্টো, সবুজ, পরিতোষ, আব্দুর রহমান জুয়েল, মামুন, রাকিব, মুক্তা, রাজিব ও আলমগীর।

আদালত সুত্র জানায়, অভিযুক্তদের বিস্ফোরক দ্রব্য আইনে দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। মুল হত্যা মামলাটি রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারাধীন অবস্থায় একজন আসামীর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সেটির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়।

১৯৯৬ সালের ১ আগস্ট শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে ১০ অভিযুক্ত হাত বোমা ফাটিয়ে ও ছুরিকাঘাত করে শহরের কাটনারপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহিলকে হত্যা করে।

নিহতের চাচা শাজাহান আলী অভিযুক্তদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। রায়ে বলা হয়, দণ্ডিত মহিলার বিরুদ্ধে অন্য অভিযুক্তদের সহযোগিতা করার অভিযোগ প্রমাণিত হয়েছে।