২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অমর একুশের নানা আয়োজন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাড়ম্বরে পালনের জন্য চট্টগ্রামে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 10:05 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ জানাবে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে দিনটি উদযাপনের উদ্যোগ নিয়েছে। 

ইতিমধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ ব্যাপারে সকল প্রস্তুতি শেষ করেছে। পুলিশ প্রশাসন একুশের প্রথম প্রহর থেকে সারাদিন নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। শহীদ মিনারে যাওয়া আসার জন্য পৃথক রুট চিহ্নিত করা হয়েছে। 

প্রশাসনের নিয়মিত অনুষ্ঠানের বাইরে চিটাগাং থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) একুশ উপলক্ষে বুধবার দিনভর অনুষ্ঠানের আয়োজন করেছে। টিআইসির মিলনায়তনে টিআইসি প্রযোজিত মুনীর চৌধুরীর নাটক কবর এবং একুশের গান নিয়ে রচিত তীর্যক নাট্যদলের নাটিকা বাঙলা প্রদর্শিত হবে।

ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, আবৃত্তি, একক অভিনয় ও সঙ্গীতানুষ্ঠান। নগরীর শুলকবহরে দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বইমেলা উদযাপন কমিটি ডিসি হিল প্রাঙ্গনে একুশ উপলক্ষে বইমেলার আয়োজন করেছে। সপ্তাহব্যাপী এই বই মেলা বুধবার বিকালে উদ্বোধন করবেন বিশিষ্ট ভাষা সৈনিক মাহবুব উল আলম চৌধুরী। চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনা সংস্থা এবং বইয়ের বিক্রেতারা এই মেলায় অংশ নেবেন। মেলায় ২৫টি স্টল থাকবে বলে জানান আয়োজক কমিটির মহাসচিব নাসিরুদ্দিন চৌধুরী।

তিনি জানান, মেলায় প্রতিদিন বিকালে বিষয় ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হবে।     

সিটি কর্পোরেশনের উদ্যোগে লালদিঘী ময়দানে রোববার থেকেই বইমেলা, চিত্রাংকন, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামে প্রতিবন্ধীদের সংস্থা সিডিসি একুশ উপলক্ষে দামপাড়া মোড়ের সিডিসি কার্যালয়ে প্রতিবন্ধী শিুশু, কিশোর ও স্বজন সমাবেশের আয়োজন করেছিল।

সকালে আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিশু কিশোররা অমর একুশের গান, আবৃত্তি পরিবেশন করেন।

এছাড়াও অমর একুশ উপলক্ষে বাতিঘর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে এক আলোচনা সভার আয়োজন করে।