সংবিধান বহির্ভূত সরকার জনগন মানবে না: হাসিনা
সংবিধান বহির্ভুত যেকোনো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন শেখ হাসিনা। একইসঙ্গে ভোটার পরিচয়পত্র তৈরি ছাড়াই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জরুরি অবস্থা জারির পর প্রকাশ্যে আওয়ামী লীগ সভানেত্রীর এটাই প্রথম বক্তৃতা।
শেখ হাসিনা বলেন,“বাংলাদেশের মানুষ সংবিধান বর্হিভূত সরকার মেনে নেবেনা, অতীতেও মানেনি।”
তিনি বলেন, “ভোটার পরিচয়পত্র তৈরি করা আমাদের দাবি ছিল। কিন্তু এখন আমরা মনে করি এই মুহূর্তে ভোটার পরিচয়পত্র তৈরি করার দরকার নেই। দরকার হলে পরে ভোটার পরিচয়পত্র তৈরির ব্যবস্থা করা যাবে।
“জাতীয় পরিচয়পত্র তৈরির ছুঁতোয় নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই। এটা আমাদের দাবি। জাতীয় পরিচয়পত্র তৈরির নামে এখন নতুন করে ব্যবসা শুরু হয়েছে ।
“মানুষ চায় নির্বাচন। জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে চায়।”
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, “এখন নির্বাচন কমিশন পুর্নগঠন হয়েছে। আমরা এখন নির্বাচন চাই।” যত তাড়াতাড়ি সম্ভব ছবিসহ ভোটার তালিকা এবং স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির দাবি জানান হাসিনা।
জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগের বিভিন্ন কর্মীকে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে শেখ হাসিনা অবিলম্বে তাদের মুক্তি দিতে বলেন।
দেশের বর্তমান অবস্থার জন্য বিএনপি ও জামাতকে দায়ী করে আওয়ামী লীগ নেত্রী বলেন,তাদের অতিরিক্ত লোভই সবকিছুর জন্য দায়ী। একই সঙ্গে তিনি এও দাবি করেন যে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মহাজোটের আন্দোলন সংগ্রামের ফসল।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের প্রকাশিত তালিকার সমালোচনা করে তিনি বলেন,“তালিকায় আমাদের এমন অনেকের নাম আছে যারা আওয়ামী লীগের পাচঁ বছরও দলের সংসদ সদস্য ছিলো না। আর তারা যদি সত্যিই দুর্নীতি করতো তা হলে কি বিএনপি-জামাত জোট সরকার তাদের ছেড়ে দিতো ?”
হাসিনা বলেন,“যাচাই না করেই কীভাবে আওয়ামী লীগের নেতাদের নাম দেওয়া হলো। গত ৫ বছর যারা রাজপথে সক্রিয় ছিলো তাদের নামই তালিকায় স্থান পেয়েছে ।
“ভারসাম্য রক্ষা করার জন্য আওয়ামী লীগ নেতাদের নাম দুর্নীতিবাজদের তালিকায় দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না।
সরকারকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন,“যদি আন্দোলন সংগ্রামের ভয়ে আওয়ামী লীগের নেতাদের ধরেন। তাহলে বলবো, আওয়ামী লীগ রক্তবীজের ঝাড় একটা গেলে শত শত জন্মায়।”
তিনি বলেন,“স্বাধীনতার পর থেকে যারা দুর্নীতি করেছে তাদের ধরা হোক আমাদের কোনো আপত্তি থাকবে না। দরকার হলে বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশী করা হোক। কার বাড়িতে কতো হীরে জহরত আছে তা বের করা হোক। দরকার হলে আমার বাড়িতেও এসে দেখুক কি আছে।”
সাবেক প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের প্রশংসা করে বলেন,“আমি ক্ষমতায় এলেও এরকম কাজ করতে পারতাম না । ফালুকে ধরলে খালেদা জিয়া এক সপ্তাহের হরতাল দিতো। মামুনকে ধরলে তারেক রহমান হরতাল দিতো।”
দুর্নীতিবাজদের তালিকায় জামাতের একজন সংসদ সদস্যের নাম থাকায় বিস্ময় প্রকাশ করে হাসিনা বলেন,“জামাতের ১৮ সংসদ সদস্যের ক্ষমতায় যাওয়ার আগের ও পরের সম্পত্তির হিসাব নেওয়া উচিত।”
সভার শুরুর দিকেই বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আনোয়ার হোসেন। তিনি বলেন,“রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহেরকে যে হত্যা করলো শিবিরের সভাপতি সেই সালেহীকে এখনো গ্রেফতার করা হয়নি।”
তিনি বলেন,“মনে রাখতে হবে, এটা পাকিস্তান নয়। এটা বাংলাদেশ। এখানে কোনো পারভেজ মোশাররফ আসতে পারবেনা। বাংলাদেশ আফগানিস্তান নয়। এখানে কোনো কারজাইকে গ্রহণ করা হবে না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মুহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সমালেঅচনা করে আনোয়ার হোসেন বলেন,“ঢাকা বিশ্ববিদ্যালয় কারো উচ্চাভিলাষ ও উদ্দেশ বাস্তবায়নের প্লাটফর্ম হতে পারেনা।”
তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন,“আপনি বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। আপনি ঐ বৃত্ত থেকে বেড়িয়ে আসুন। আপনাকেই জনগণকে রক্ষা করতে হবে।”
অধ্যাপক মো. আনোয়ার হোসেন বক্তব্যের জবাব দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন,“রাজনীতিবিদদের সমালোচনা করা এখন ফ্যাশন হয়ে দাড়িয়েছে। রাজনীতিবিদরা ব্যর্থ হলে ২২ জানুয়ারির নির্বাচন বাতিল হতো না।”
তোফায়েল আহমেদ বলেন,“আমরা রাজনীতি করে মন্ত্রী হয়েছি। মন্ত্রী হয়ে রাজনীতিবিদ হইনি।”
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন,“দুর্নীতির এক নম্বর মডেলকে ধরতে হবে। দুর্নীতির কুতুব মিনার হাওয়া ভবন দখল করতে হবে।”
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জিল্লুর রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও এ কে এম রহমতউল্লাহ। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর।
সভা শুরুর আগে উদীচী শিল্প গোষ্ঠী ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জাতীয় সংগীত ও আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্র“য়ারি গানটি পরিবেশন করে।
