কী ঘটেছিল সেদিনের সেই বিকেলবেলাতে
১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি কী ঘটেছিল তার বিবরণ ভাষা সৈনিকদের জবানিতেই আমরা জেনেছি। সেদিনের ঘটনা প্রসঙ্গে পত্রপত্রিকার প্রতিবেদন কেমন ছিল সেটা জানা একটু দুরূহ, তবে জাতীয় মহাফেজখানায় খোঁজ নিলে এর কিছু নমুনা পাওয়া সম্ভব। সে সময় উল্লেখযোগ্য পত্রিকা বলতে ছিল দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, দৈনিক মিল্লাত, দৈনিক ইনসাফ ও মর্নিং নিউজ। এছাড়া কিছু সাপ্তাহিক পত্রিকাও ছিল, যেমন - সৈনিক, ইত্তেফাক, নওবেলাল, জিন্দেগী, চাষী ইত্যাদি।
সংবাদ এর মালিক ছিলেন প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী নুরুল আমীন। ফলে সেখানে এই ঘটনার বস্তুনিষ্ঠ প্রতিবেদন পাওয়া যায়নি। মর্নিং নিউজ ছিল মুসলিম লীগের সমর্থক। তারাও যথারীতি একুশে ফেব্র“য়ারির ঘটনাকে সরকারের দৃষ্টিকোন থেকে দেখে ও ছাত্রদের আচরণের সমালোচনা করে। অথচ মজার ব্যাপার, পাকিস্তান থেকে প্রকাশিত ‘ডন’ পত্রিকার ২২ ফেব্র“য়ারির সংখ্যায় ভাষা সৈনিকদের সাথে একাত্মতা প্রকাশ করে মন্তব্য ছাপা হয় এবং ছাত্রদের উপর গুলী চালনার ঘটনায় নিন্দা প্রকাশ করে করে পত্রিকাটি। “বাংলাকে উর্দ্দুর সমমর্যাদা দিতে পশ্চিম পাকিস্তানীদের আপত্তি নাই” শিরোনামের ওই মন্তব্যে ঘটনার তদন্ত ও জবাবদিহিতার ব্যাপারেও জোর দেওয়া হয়।
পূর্ব পাকিস্তানে যথাযথ গুরত্ব দিয়ে ঘটনাটি তুলে ধরেছিল দৈনিক আজাদ ও দৈনিক মিল্লাত।
ঘটনার দিন বিকেল বেলাতেই দৈনিক আজাদ জরুরী টেলিগ্রাম বের করে। পরদিন ২২ ফেব্র“য়ারি প্রথম পাতায় ছাপা হয় পুরো খবর এবং কিছু সাইড স্টোরি। বিস্তারিত প্রতিবেদনের মূল শিরোনাম ছিল “ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে ছাত্র নিহত”। এর সঙ্গে কয়েকটি উপ- শিরোনাম ছিল এরকম : “বিশ্ববিদ্যালয়ের ৩ জন ছাত্রসহ চার ব্যক্তি নিহত ও ১৭ ব্যক্তি আহত” “হাসপাতালে প্রেরিত আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক” এবং “ স্কুলের ছাত্রসহ ৬২ জন গ্রেপ্তার : গুলিবর্ষণ সম্পর্কে প্রধানমন্ত্রী কর্তৃক তদন্তের আশ্বাস।”
প্রতিবেদনে দৈনিক আজাদের স্টাফ রিপোর্টার জানান,
“ গতকল্য (বৃহষ্পতিবার) বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে রাষ্ট্রভাষা বাংলার দাবীতে বিক্ষোভরত ছাত্রদের উপর পুলিশের গুলী চালনার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ ক্লাশের ছাত্র মোহাম্মদ সালাহুদ্দীন (২৬) ঘটনাস্থলে নিহত এবং বহু সংখ্যক পথচারী আহত হয়। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্ত্তি করা হয়। রাত্রি ৮টার পর আহতদের মধ্যে আবদুল জব্বার ( ৩০), আবুল বরকত ( ২৫) ও বাদামতলী কমার্সিয়াল প্রেসের মালিকের পুত্র রফিকুদ্দিন আহমেদের (২৭) মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলিয়া জানা গিয়াছে।”
ঘটনার পেক্ষাপট তুলে ধরতে গিয়ে বলা হয়,
“এই দিন সকাল ৯টা হইতে শহরের স্কুল কলেজের ছাত্রছাত্রীগণ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ও শহরে ১৪৪ ধারা জারীর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে এক সভার আয়োজন করে। পরিষদে চলতি অধিবেশনে যোগদানকারী সদস্যদিগকে রাষ্ট্রভাষার ব্যাপারে পূর্ব্বপাকিস্তানের জনগণের মনোভাব সম্পর্কে ওয়াকেফহাল করানোই এই সভার উদ্দেশ্য ছিল বলিয়া সভার উদ্যোক্তাদের নিকট হইতে জানা গিয়োছে।”
বেলা ১১টার দিকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছাত্ররা বেরিয়ে এলে তাদের উপর কাঁদুনে গ্যাস ছোড়া হয়। শুরু হয় বিশৃঙ্খলা, ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের লাঠিচার্জ। ১৪৪ ধারা অমান্য করায় পুলিশ ৬২ জন ছাত্রকে গ্রেফতার করে সেন্ট্রাল জেলে আটকে রাখে। এই খবর ছড়িয়ে পরায় বিক্ষোভ আরো বাড়ে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এ ঘটনার প্রতিবাদ করেন। মন্ত্রী হাসান আলী ও মাওলানা বাকী পরিষদ ভবনে যাওয়ার সময় ছাত্ররা তাদের গাড়ি থামিয়ে পুলিশের জুলুম স্বচক্ষে দেখে যাওয়ার অনুরোধ করে। এ সময় একটা ছেলে মন্ত্রীর গাড়ির হাওয়া ছেড়ে দিলে এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদের মধ্যে ব্যপক ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। এই উত্তেজনার জের ধরেই ঘটে গুলিবর্ষনের ঘটনা।
দৈনিক আজাদ লিখেছে -
“অতঃপর বহু ছাত্র পুনরায় মেডিকেল কলেজ হোস্টেল গেটের সম্মুখে আসিয়া জমায়েত হয় ও গ্যাস নিক্ষেপকারী পুলিশের প্রতি বিক্ষোভ প্রকাশ করিতে ও প্রস্তর নিক্ষেপ করিতে থাকে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেশ করিবার জন্য ছাত্রদল পরিষদ ভবনের দিকে যাইতে চাহিলে হঠাৎ একদল পুলিশকে হোস্টেল অভিমুখে ছুটিয়া যাইতে দেখা যায় এবং তাহারা হোস্টেলের বাহিরে ও ভিতরে গুলী চালাইতে থাকে। ছাত্রগণকে এই সময় ভীত সন্ত্রস্ত হইয়া ইতস্ততঃ ছুটাছুটি করিতে ও আড়ালে আড়ালে আত্মগোপন করিতে দেখা যায়। গুলীবর্ষণের সঙ্গে সঙ্গে হোস্টেলের ভিতরে কয়েকটি শেডের বারান্দায় কয়েকজন ছাত্রকে রক্তাক্ত অবস্থায় পড়িয়া থাকিতে দেখা যায়। ১২ নং শেডের বারান্দায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালাহুদ্দীনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি বুলেট তাহার কপালে বিদ্ধ হইয়া মাথার খুলি উড়াইয়া লইয়া গিয়াছিল। প্রচুর রক্তে ১২ নং শেডের বারান্দার প্রশস্ত অংশ রঞ্জিত হইয়া উঠে। বহু ছাত্রকে আহত ও মুর্মর্ষু অবস্থায় ২ নং শেডের বারান্দা ও হোস্টেল প্রাঙ্গণে পড়িয়া থাকিতে দেখা যায়। কয়েকটি বুলেট ১২ নম্বর শেডের দেওয়াল ভেদ করিয়া কামরার মধ্যে প্রবেশ করে। সৌভাগ্যবশত তখন ঐ কামরায় কেউ ছিল না। কয়েকটি কামরায়ও রক্তের চিহ্ন পাওয়া যায়।”
প্রতিবেদনে এরপর হাসপাতালে আহত ও মুমূর্ষুদের চিকিৎসা সম্পর্কে বর্ণনা করা হয়। ছাত্রসভায় শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং ছাত্রলীগের সভা আহ্বানের খবর দিয়ে প্রতিবেদনটি শেষ করা হয়। তার আগে নিহত ও আহতদের তালিকা দেওয়া হয় এভাবে।
নিহতদের তালিকা
১। সালাহুদ্দীন (বিশ্ববিদ্যালয়ের ছাত্র; ঘটনাস্থলে নিহত) ২। আবদুল জব্বার (বিশ্ববিদ্যালয়ের ছাত্র) ৩। আবুল বরকত (ঐ) ৪। রফিকউদ্দিন (বাদামতলীর কমার্সিয়াল প্রেসের মালিকের পুত্র)।
আহতদের তালিকা
১। আনোয়ারুল এছলাম (২৪) সলিমুল্লাহ মোছলেম হল, ২। এ আর ফৈয়াজ (১৯), জগন্নাথ কলেজ, ৩। সিরাজুদ্দিন খান (২২) ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪। আবদুস সালাম (২৭) সরকারী শুল্ক বিভাগের পিওন, ৫। এম, এ, মোতালেব (১৪), ৬। এলাহী বখ্স (৪০), ৭। মনসুর আলী (১৬), ৯। তাহজুল এছলাম (১৯), ১০। মাসুদুর রহমান (১৬), ১১। আবদুস সালাম (২২), ১২। আখতারুজ্জামান (১৯), ১৩। এ, রেজ্জাক (১৭), ১৪। মোজাম্মেল হক (২৩), ১৫। সুলতান আহমদ (১৮), ১৬। এ, রশিদ (১৪) ও ১৭। মোহাম্মদ।
ওই দিনের দৈনিক আজাদে মূল প্রতিবেদনের পাশেই ভাইস চ্যান্সেলর ও নুরুল আমীনের দেওয়া বিবৃতি ছাপা হয়। পরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের দাবির প্রেক্ষিতে নুরুল আমীন ছাত্রদের উপর গুলি চালনার তদন্তের আশ্বাস দেন। পরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের দাবির সমর্থন করে মনোরঞ্জন ধর, আবদুর রশিদ তর্কবাগীশ বক্তব্য রাখেন।
পত্রিকার এই প্রতিবেদন সত্বেও লোকমুখে ওই দিনের ভয়াবহ ঘটনা আরো ভয়াবহরুপে ছড়িয়ে পরে দেশের সর্বত্র। বিভিন্ন স্থানে মিটিং মিছিল শুরু হয়। মৃতের সংখ্যা ১৫০ বলেও প্রচারিত হয় কোথাও কোথাও। সরকারের লোকজন এসব মৃতদেহ পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলেছে বলেও গুজব ছড়াতে থাকে। শুধু মুখে মুখে নয়, প্লাকার্ডে লিখেও এসব কথা প্রচার হয়েছে বলে জানা যায়।
শেষ পর্যন্ত ২১ ফেব্র“য়ারির ঘটনা সম্পর্কে সরকারি প্রেসনোটও জারি করতে বাধ্য হয় সরকার। ডাইরেক্টর অভ পাবলিসিটি, ইস্ট বেঙ্গল, ইডেন বিল্ডিং থেকে ২৪ মার্চ জারি করা ওই প্রেস নোটে ‘সত্য ঘটনা’ শিরোনামে ঘটনার গুরুত্ব খাটো করে দেখানোর প্রবণতা ষ্পষ্ট ছিল। প্রেসনোটে ১৫০ জনের মৃত্যু বা পেট্রল দিয়ে পোড়ানোর গুজবকে ভিত্তিহীন দাবি করে বলা হয় --
“মাত্র দুই দিনের গোলমালে মাত্র চার ব্যাক্তি বুলেটের গুলিতে নিহত হইয়াছে তন্মধ্যে মাত্র একজন ছাত্র। মৃতদেহগুলি যথাযথ ধর্মীয়ভাবে সমাহিত করা হইয়াছে।”
প্রেসনোটের বিবরণের তালিকায় গুলিবর্ষণের তারিখ, মৃতের নাম, পিতার নাম, বয়স, পেশা, ঠিকানা, মৃত্যুর কারণ, শেষকৃত্যে উপস্থিত আত্মীয় স্বজন, যে মৌলভী জানাযা পড়াইয়াছেন তাহার নাম ও তত্ত্বাবধানকারী ম্যাজিস্ট্রেটের নাম ভুক্ত করা হয়। এতে দেখা যায় প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফের তত্ত্বাবধানে বরকত, রফিক উদ্দিন ও আবদুল জব্বারের জানাযা পড়ান হাফেজ মৌলানা আবদুর গফর। একই মৌলভী জানাযা পড়ালেও শফিকুর রহমানের ক্ষেত্রে তত্ত্বাবধানকারী ম্যাজিস্ট্রেট ছিলেন ওবায়েদুল্লাহ।
এরপর প্রেস নোটে ওয়াহিদুল্লাহ ও আবদুল আউয়াল নামের দুজনের বিবরণ উল্লেখ করে বলা হয় “নিুলিখিত ২ জনকে প্রথমে ভুলক্রমে মনে করা হইয়াছিল যে, তাহারা গোনডগোলের কারণে নিহত হইয়াছেন। কিন্তু পরবর্তীতে তদন্ত করিয়া প্রমাণ পাওয়া গেছে যে, তাহারা মোটর একসিডেন্টে মারা গিয়াছে।”
