অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চবির শিক্ষার্থীরা
ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী।
সোমবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়গামী শাটল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছার আগ মূহুর্তে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে ইঞ্জিন লাইনের বাইরে নেমে গেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী সকাল ১০টা ১০ মিনিটের শাটল ট্রেনটি স্টেশনে ঢোকার মুহুর্তে ইঞ্জিন এক লাইন থেকে আরেক লাইনে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে। ইঞ্জিন লাইনচ্যুত হলেও বগি লাইনে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।
ট্রেন লাইন দুর্বল হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন ট্রেন চালক মোহাম্মদ ওয়াজিউল্লাহ।
এদিকে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী হাজার হাজার শিক্ষার্থী সোমবার বিকালে চরম দুর্ভোগে পড়ে। দুপুর দেড়টার ট্রেনটিকে শহর থেকে একটি ইঞ্জিন গিয়ে পৌনে তিনটায় কিছু শিক্ষার্থী নিয়ে শহরের উদ্দেশ্য ছেড়ে আসে। কিন্তু দুর্ঘটনা কবলিত ইঞ্জিন লাইনে তোলা সম্ভব না হওয়ায় দুপুর আড়াইটার ট্রেনটি বন্ধ ছিল।
