আইনজীবীদের জোর প্রতিবাদে রায় প্রত্যাহার করে নিতে হলো সুপ্রিম কোর্টকে
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আয়--ব্যয়ের হিসাবসহ আটটি ব্যক্তিগত তথ্য দেওয়া সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল মঞ্জুরের পর তা প্রত্যাহার করে নিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার সকালে এসব তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নির্দেশ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আবেদন মঞ্জুর করেছিলেন আপিল বিভাগ। পরে আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অলিখিত রায় প্রত্যাহার করা হয়েছে।
মামলার মূল বিষয়ে শুনানি না করেই আপিল মঞ্জুরকে কেন্দ্র করে আদালতে তুলকালাম কাণ্ড ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে আপিল বিভাগে প্রায় আড়াই ঘন্টা বিচার কাজ বন্ধ থাকে। এটর্নি জেনারেলের মধ্যস্থতায় বিষয়টির সুরাহা হয়। (সমন্বিত)
মঙ্গলবার সকাল পৌনে দশটায় প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে গঠিত চার বিচারকের আপিল বিভাগ চারটি মাত্র শব্দ উচ্চারণ করে আপিল মঞ্জুর করে। এসময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি মোঃ ফজলুল করিম, বিচারপতি আমীরুল কবির চৌধুরী এবং বিচারপতি জয়নুল আবেদীন ।
সোয়া ১০টায় আদালত উঠে যাওয়ার পর মূল রিটকারী তিনজনের আইনজীবী ড. কামাল হোসেন ঘোষণা দেন, এ রায় পুনর্বিবেচনা না করা পর্যন্ত তিনি আদালত কক্ষ থেকে যাবেন না। ড. কামাল হোসেনের এ দৃঢ় অবস্থানের কারণে প্রায় আড়াই ঘন্টা বিচারকগন এজলাসে আসেননি। আদালত অঙ্গনে উত্তেজনার আশঙ্কায় বাড়তি পুলিশ আনা হয়।
সকালে আসন নেওয়ার পরপরই নির্বাচনের প্রার্থীদের ব্যক্তিগত তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হয়। ড. কামাল হোসেন এসময় বলেন, মূল বিষয়বস্তুর উপর শুনানি করা হয়নি।
এ পর্যায়ে আদালত বলেন, “আজ আদেশ দেওয়ার কথা ছিল এবং আমরা তা দিয়েছি।”
ড. কামাল বলেন, “দেশে এখন জরুরি অবস্থা চলছে। এ আপিলে মৌলিক অধিকারের প্রশ্ন জড়িত থাকায় আদালত সে বিষয়ে শুনানি গ্রহণ ও রায় দিতে পারেন না। একজন অজ্ঞাতকুলশীল ব্যক্তির আবেদনে প্রতারণার শিকার হয়েছে সুপ্রিম কোর্ট। আপিল মঞ্জুুরের আবেদন পুনর্বিবেচনা করেন।”
আদালত আবারও এ পর্যায়ে বলেন, “আমরা রায় দিয়ে দিয়েছি।” আদালত এসময় উঠে যেতে চাইলে ড. কামাল বলেন, আপনারা এটা করতে পারেন না। জবাবে আদালত বলেন, “নাটক করবেন না (ডোন্ট ক্রিয়েট সিন)।”
প্রবীণ আইনজীবী ড. কামাল এসময় আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “এ বিষয়ে শুনানি না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না। পুলিশ এসে আমাকে তুলে নিয়ে যাক। আইজিপি--এজি--এদের আসতে বলুন।”
তিনি আরও বলেন, “আদালতে যারা প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এর মামলা করবো। এ প্রতারণার তদন্ত হওয়া দরকার।”
বিচারকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “এ রায় দিয়েছেন, এখন আমাকে মৃত্যুদণ্ড দিন। আর আমার শেষ ইচ্ছা উনারা কেউ যেন আমার জানাযায় না আসেন।”
প্রথা অনুযায়ী বিচারকরা এজলাস ছেড়ে যাওয়ার দশ মিনিটের মধ্যেই আবার ফিরে আসেন। কিন্তু সোয়া দশটায় বিচারকগন এজলাস ত্যাগ করার দীর্ঘক্ষন পরও ফিরে না আসায় এটর্নি জেনারেল ফিদা এম কামাল মধ্যস্থতার জন্য পৌনে এগারোটায় প্রধান বিচারপতির খাস কামরায় যান। দীর্ঘ এক ঘন্টা বৈঠক করার পর পৌনে বারটায় তিনি প্রধান বিচারপতির কামরা থেকে বের হয়ে আদালত কক্ষে এসে ড. কামাল হোসেনকে রায় প্রত্যাহারের আবেদন জানাতে পরামর্শ দেন।
ড. কামাল হোসেন তাৎক্ষনিক রায় প্রত্যাহারের আবেদন দায়ের করলে দুপুর পৌনে একটায় প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারক ফের এজলাসে আসন গ্রহন করেন। বিপুল সংখ্যক আইনজীবীর ভীড়ে আদালত তখন কানায় কানায় পূর্ণ।
ড. কামাল হোসেন তখন শুনানিতে বলেন, সংবিধান রক্ষায় প্রয়োজনে আমাকে ফাঁসিতে ঝুলানো হোক। আদালতের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংবিধানের অভিভাবক হিসাবে আদালতকে দায়িত্ব পালন করতে হবে, যাতে আদালত ও সংবিধানকে কেউ হেয় না করতে পারে। সংবিধান ও উচ্চ আদালত ছাড়া আমাদের কিছুই অবশিষ্ট নেই। আপিলটিতে সমাজের জীবন ও মৃত্যুর প্রশ্ন জড়িত। এ আপিলে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।
আদালত এ পর্যায়ে আদেশ দিয়ে বলে, আদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের অস্বাক্ষরিত আদেশ প্রত্যাহার করা হলো।
আদেশ প্রত্যাহারের পর ড. কামাল হোসেন আদালতে উপস্থিত সাংবাদিকদের বলেন, আদালত প্রতারণার শিকার হয়েছে। আমরা তদন্ত করে বলেছি, আপিলকারী আবু ছাফা প্রতারনা করেছে। সে আপিল আবেদনে নিজেকে প্রতিষ্ঠিত ও জনপ্রিয় ব্যক্তি বলে দাবি করেছে। কিন্তু তদন্ত করে দেখা গেছে সে স্ত্রী-সন্তান রেখে ছয় বছর ধরে সন্দ্বীপ থেকে পালিয়ে রয়েছে। ছাফা বলেছে, মনোনয়ন পত্র কিনেছে। সে অষ্টম শ্রেনী পাস বলে এ তথ্য দিলে বৈষম্যের শিকার হবে। এ কারণে দায়ের করা আপিলে ওপর জরুরী অবস্থা চলাকালীন মৌলিক অধিকার স্থগিত থাকায় শুনানি হতে পারে না।
ড. কামাল আরও বলেন, মিথ্যা তথ্য দিয়ে আপিলের অনুমতি নেওয়া হয়েছে। ছুটির দিনে অবকাশকালীন চেম্বার জজের আদালত থেকে স্থগিতাদেশ নেওয়া হয়েছে। প্রাথমিক শুনানি গ্রহণের পর আপিলের অনুমতি বাতিলের জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত আপিল মঞ্জুর করে। এসব কারণ দেখিয়ে আদেশ বাতিলের আবেদন জানালে আদালত তাদের স্বাক্ষরহীন আদেশ প্রত্যাহার করে নেয়।
আপিলটিতে মৌলিক অধিকারের প্রশ্ন জড়িত থাকায় জরুরী অবস্থা চলাকালে এর ওপর শুনানি স্থগিত রাখার জন্য আপিল বিভাগে একটি আবেদন জানিয়েছেন রিটকারীরা।
অন্যতম রিটকারী অ্যাডভোকেট কে এম জাবির নফহবংি২৪.পড়স কে বলেন, রায় প্রত্যাহারের মাধ্যমে বিচার বিভাগকে রক্ষা করা হয়েছে। এটা করা না হলে আপিলকারীর প্রতারণামূলক কর্মকান্ডকে বৈধতা দেওয়া হতো। আমরা আশা করি এরপর ন্যয়বিচার পাব।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমির উল ইসলাম ড. কামাল হোসেন ও এটর্নি জেনারেলকে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার আদালতের মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠি ছিনতাই করে নিতে চায়। কিন্তু সত্যের বিজয় হয়েছে।
ড. এম জহির তার ৪৬ বছর আইন পেশার জীবনে সকাল বেলা আদেশ দিয়ে দুপুরে প্রত্যাহার করার ঘটনা দেখেননি বলে মন্তব্য করেন। তার ভাষায় “বিষয়টি অভূতপূর্ব।”
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৪ মে এডভোকেট আবদুল মোমেন চৌধুরীসহ ৩ আইনজীবীর দায়ের করা এক জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচন কমিশনকে প্রার্থীদের কাছ থেকে আয় ও সম্পদের হিসাবসহ আটটি তথ্য হলফনামা আকারে গ্রহণের নির্দেশ দেয়। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সন্দ্বীপ হতে প্রার্থী হতে আগ্রহী জনৈক আবু ছাফা ২০০৫ সালের ৩ জুলাই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন। এরপর গত ১৯ ডিসেম্বর চেম্বার জজ হাইকোর্টের রায় স্থগিত করে দেন।
