বার্ড ফ্লু হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে সরকার
দেশে বার্ড ফ্লু সংক্রমণের হুমকি মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। সর্বস্তরে এর সচেতনতা বৃদ্ধিতে শনিবার থেকে শুরু হয়েছে এক প্রশিক্ষণ কর্মসূচি। ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাপান সরকার, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় গত শনিবার থেকে সাড়ে তিনমাসের এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে ৬০ জন মাস্টার ট্রেইনারসহ জেলা পর্যায়ে ৭০৪ জন, উপজেলা পর্যায়ে দুই হাজার ৩১০ জন এবং কমিউনিটি পর্যায়ে দুই লাখ ২৬ হাজার ১০০ জনকে বার্ড ফ্লু প্রতিরোধ এবং সংক্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে প্রশিক্ষিত করে তোলা হবে।
প্রশিক্ষণ কর্মসূচিটির আয়োজন করেছে ইনস্টিটিউট অফ এপিডেমিয়োলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্স (আইইডিসিআর)। এতে খরচ পড়বে ৮৮ হাজার ৫৪৭ ডলার।
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি লুই জর্জেস আর্সেনাল্ট বলেন, “এটা কেউই বলতে পারবে না বাংলাদেশে এ রোগ ছড়াবে কি না কিংবা এ রোগ এদেশে মহামারির আকার নেবে কি না। তবে এর প্রতিরোধে আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।
আইইডিসিআর এর পরিচালক প্রফেসর মাহমুদুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, “ লোকজনকে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি আমরা আমাদের গবেষণাগারগুলোতেও প্রাথমিক পরীক্ষা--নিরীক্ষার ব্যবস্থা করছি।”
উল্লেখ্য রোগাক্রান্ত হাঁস--মুরগি জবাই করে চামড়া ছাড়িয়ে কেটে--কুটে রান্নার জন্য প্রস্তুত করার সময় বার্ড ফ্লু (এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) ভাইরাস মানবদেহে সংক্রমিত হতে পারে।
