বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করছে ভারত : প্রণব মুখার্জী
একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের সরকার বেছে নেওয়ার সুযোগ পাবে-- এমনটাই আশা করছে ভারত। সোমবার ঢাকায় ঝটিকা সফর শেষে বিকেলে দেশে ফিরে যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী।
দিল্লিতে ৩ ও ৪ এপ্রিল অনুষ্ঠেয় চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা আসেন তিনি। এর পর প্রণব মুখার্জী বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেন। পরে তিনি প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
বিকেলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রণব মূখার্জী সাংবাদিকদের বলেন, “বর্তমান পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা সবসময় চাই একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের সরকার বেছে নেওয়ার সুযোগ পাবে।”
সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশ সরকার খুব শিগগিরই শিয়ালদহ--জয়দেবপুর রুটে যাত্রিবাহী ট্রেন চলাচল শুরু করতে রাজি হয়েছে। এছাড়া ভারত বিনা শুল্কে বাংলাদেশ থেকে ২০ লাখ পিস তৈরি পোশাক আমদানি করবে।
বাংলাদেশে টাটার বিনিয়োগ প্রসঙ্গে প্রণব মুখার্জী বলেন, “সুনির্দিষ্ট কোনো বিনিয়োগ প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করিনি। তবে জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে কথা বলেছি।”
টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে বাংলাদেশের উদ্বেগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “নদীর গতিপথ পরিবর্তন করা হবে না বলে আমরা বাংলাদেশকে আশ্বস্ত করেছি।”
এর আগে সকালে বাংলাদেশের মাটিতে পা দিয়েই মহান ভাষা আন্দালনের শহীদদের শ্রদ্ধা জানান প্রণব মুখার্জী। সকাল সোয়া ৯টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের বাংলায় সম্ভাষণ জানান তিনি। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এ সময় তাকে স্বাগত জানান।
পরে ইংরেজিতে লেখা আগমন বার্তায় প্রণব জানান, ভারত সবসময় বাংলাদেশের শুভ কামনা করে এবং প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বমূলক সম্পর্ক এগিয়ে নিতে অব্যাহতভাবে কাজ করে যাবে।
প্রণব মুখার্জী দুপুরে হাওয়া ভবনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় ২০ মিনিট চলে এই বৈঠক।
বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান জানান, ‘‘চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনের কার্যক্রমের বিষয় ছাড়াও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছেন দুই নেতা।’
বিকাল সোয়া ৩টায় সুধাসদনে যান প্রণব মুখার্জী। ভারতের রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী ও ফার্স্ট সেক্রেটারি সর্বজিৎ চক্রবর্তী তার সঙ্গে ছিলেন।
প্রায় আধঘণ্টা সুধাসদনে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠক শেষে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, মূলত সার্ক নিয়েই প্রণব মুখার্জীর সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে।
বিকেল সাড়ে ৪টার দিকে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
