এরশাদের দাবি মহাজোটের আসন বন্টন এখনো বহাল
জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের দাবি, মহাজোটের আসন বন্টন চুক্তি এখনো বাতিল হয়নি। রোববার রাতে শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলছেন, বৈঠকে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি।
রাত ৮টার দিকে জাতীয় পার্টি নেতা জিয়াউদ্দিন বাবলু এবং আনিসুল ইসলাম মাহমুদকে সঙ্গে নিয়ে সুধাসদনে যান এরশাদ। সেখানে তখন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভা চলছিল। শেখ হাসিনার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে যান জাতীয় পার্টির নেতৃবৃন্দ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভা শেষ হয় এরও কিছুক্ষণ পর।
বৈঠক শেষে বেরিয়ে জাপা চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “মহাজোট ছিল, আছে এবং থাকবে।” আগামীতে তার দল মহাজোটের ব্যানারেই নির্বাচন করবে বলে জানান তিনি।
এরশাদ বলেন, “নির্বাচনে মহাজোটের আসনবন্টন চুক্তি বাতিল হয়নি। তবে কিছু কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতেই পারে।”
কিন্তু প্রেসিডিয়াম সভা শেষে বেরিয়ে আব্দুল জলিল বলেন, “এ কথা তিনি কিভাবে বলেছেন আমি বলতে পারব না। তিনি যদি এটা বলে থাকেন তাহলে নিজ দায়িত্বে বলেছেন। আসন বন্টন বিষয়ে আজ আমাদের সভানেত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়নি।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, চলমান দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী অভিযানে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার দল। তিনি বলেন, “কারও ব্যক্তিগত অপরাধের, জন্য তো দল দায়ী হতে পারে না। কেউ যদি অপরাধ করে থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
প্রেসিডিয়াম সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফর উল্লাহ।
সভায় একুশে ফেব্র“য়ারি ধানমন্ডি ৩২ নম্বরে আলোচনা সভা আয়োজনের ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এরশাদ বলেছেন, এই সভাটি মহাজোটের ব্যানারে করা যায় কি না তা নিয়ে আলোচনা হয়েছে।
তবে আব্দুল জলিল জানিয়েছেন, এ ব্যাপারে এখনো সরকারের অনুমতি পাওয়া যায়নি।
