ক্ষুদ্র ঋণের উচ্চ সুদের হার কমাতে সমন্বিত উদ্যোগ চাইলেন ড. ইউনূস
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণের উচ্চ হারের সুদ কমাতে সরকার, ব্যাংক ও এনজিওসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
গ্রামীণ ব্যাংকের এই স্বপ্নদ্রষ্টা চট্টগ্রামে শনিবার এক সেমিনারে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে বর্তমান উচ্চ হারের সুদ একটি ভাবনার বিষয় মেনে নিয়ে বলেছেন, “মানুষের উপকার করার জন্য কীভাবে এই হার কমানো যায় গ্রামীণ ব্যাংক সব সময় সে চেষ্টাই করেছে। এ ক্ষেত্রে সরকার, ব্যাংক, এনজিওসহ সবাইকে এগিয়ে আসতে হবে।”
গ্রামীণ ব্যাংকের মালিকানা এদেশের দ্ররিদ্র মহিলা জনগোষ্ঠীর উল্লেখ করে তিনি বলেন, “অনেকের ভাষায় এটি রক্তচোষা প্রতিষ্ঠান হয়ে থাকলেও এর লাভের অংশতো গ্রামের মহিলাদের কাছেই যাচ্ছে। উদ্বৃত্ত সৃষ্টি হলেও তাতে মহিলাদের অংশীদারিত্ব বাড়ছে। হিসাবে তারা বেশি সুদ দিলেও লাভ করছে তারাই। কেননা এটি তাদের কাছেই ফিরে যাচ্ছে।”
চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের দুই দিনব্যাপী সংবর্ধনার দ্বিতীয় দিনে শনিবার দুপুরে এই সেমিনার আয়োজন করা হয়।
চিটাগাং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘জোবরার ক্ষুদ্র ঋণ ও দারিদ্রমুক্ত বিশ্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ড. ইউনূস আরো বলেন, ঢালাওভাবে সুদের হার নিয়ে অপপ্রচার না চালিয়ে সরকারের একটি রেগুলেটরি বডির মাধ্যমে তা যাচাই করে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গ্যাস, কয়লা ও নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর এ দেশের রয়েছে অসীম সম্ভাবনাময় একটি বন্দর। সঠিকভাবে এগুলো ব্যবহার করা গেলে এ ভূখণ্ডেই প্রথম দারিদ্রকে মিউজিয়ামে পাঠানোর ব্যবস্থা করা যাবে।
বক্তৃতায় ইউনূস বলেন, শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বে দারিদ্র বলে কিছু থাকবে না। তার কথায়, ‘দারিদ্র ও সভ্য মানুষ একসাথে থাকতে পারে না। দারিদ্র একটি কৃত্রিম জিনিস। তা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।’
বিদ্যমান অর্থনীতির তাত্ত্বিক ও প্রায়োগিক কাঠামোর সমালোচনা করে তিনি বলেন, “ব্যবসা মানেই মুনাফা সৃষ্টির প্রচলিত ধ্যান--ধারণা থেকে আমাদের সরে আসতে হবে।”
মুক্ত বাজার অর্থনীতির মুনাফা কেন্দ্রিকতাকে তিনি অসম্পূর্ণ কাঠামো অভিহিত করে বলেন, এটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে ‘সামাজিক ব্যবসা’ ধারণার প্রত্যয়টি চালু করতে হবে। মানুষের উপকারের জন্য ব্যবসা করতে হবে।
লোকসানবিহীন কিন্তু মুনাফা ছাড়াই ব্যবসা চালানো গেলে বিশ্বে দরিদ্র জনগোষ্ঠী থাকবে না। তাদের খুঁজতে জাদুঘরে যেতে হবেÑÑএই স্বপ্নের কথা শোনান তিনি। গ্রামীণ--ডানোন ফুড প্রডাক্টসের উৎপাদিত শক্তি দইকে তিনি এ ধরনের প্রচেষ্টার একটি প্রকৃষ্ট উদাহরণ হিসাবে বর্ণনা করেন।
টেলিনরের কাছ থেকে অধিকাংশ শেয়ার গ্রামীণ টেলিকমের কাছে হস্তান্তরের ব্যাপারে চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি ঘোষণা করেন, “গ্রামীণফোনের অধিকাংশ শেয়ার পাওয়া গেলে তা এদেশের গরিব মানুষদের দিয়ে দেওয়া হবে। চুক্তি অনুযায়ী গ্রামীণ ফোনের অধিকাংশ শেয়ার টেলিনরের বিক্রি করে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা চুক্তির নানা কৌশল ব্যবহার করে তা দিতে চাচ্ছে না। তবে আমরা এখনও চেষ্টা করছি তা ফিরে পেতে।”
ক্ষুদ্র ঋণের উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, “ক্ষুদ্র ঋণ একটি সুযোগ সৃষ্টি করেছে। এরকম আরো হাজারো সুযোগ সৃষ্টি করতে হবে। শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র দূর করা যাবে না। এজন্য আরো যেসব সম্ভাবনা রয়েছে সেগুলো কাজে লাগাতে হবে।”
ক্ষুদ্র ঋণের পাশাপাশি তথ্য প্রযুক্তি কিভাবে দারিদ্র বিমোচনের হাতিয়ার হতে পারে সে উদাহরণ দিয়ে তিনি বলেছেন দেশের দারিদ্র বিমোচনে এ খাতকে কাজে লাগাতে হবে।
জোবরা গ্রামে কাজ শুরুর স্মৃতিচারণ করে অর্থনীতির সাবেক এই অধ্যাপক বলেন, “স্থানীয় সমস্যার সমাধানকল্পে যে কাজ শুরু হয়ে ছিল তার পেছনে কোনো তত্ত্ব কিংবা পাণ্ডিত্য ছিল না। মানুষের উপকার করার চেষ্টা থেকেই পর্যায়ক্রমে গ্রামীণ ব্যাংকের মত বৃহৎ এই প্রতিষ্ঠানের জন্ম।”
সেমিনারে তিনি আগের দিনের বক্তৃতার মতোই দেশের উন্নয়নে যত তাড়াতাড়ি সম্ভব একটি মহা সমুদ্রবন্দর স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। এই বন্দর স্থাপনের পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ব্যবসাবাণিজ্যসহ যোগাযোগ বৃদ্ধির জন্য মহাসড়ক নির্মাণ করা এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টার আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর মু. সিকান্দার খান। আরো বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এম আকবর আলি খান, অধ্যাপক মঈনুল ইসলাম, গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক হুজজ্বাতুল ইসলাম লতিফী।
তত্ত্বাবধায় সরকারের সাবেক উপদেষ্টা এম আকবর আলি গ্রামীণ ব্যাংককে একটি সামাজিক আন্দোলনের হাতিয়ার উল্লেখ করে বলেন, বিশ্বায়নকে সহজ শর্তে ড. ইউনূস গ্রামের হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে বিরাট অবদান রেখেছেন।
তিনি বলেন, যে সব মন্ত্রী গ্রামীণ ব্যাংকের উচ্চ হারের সুদের ব্যাপারে সোচ্চার তারা কৃষকদের কোন ঋণের ব্যবস্থা করতে পারেননি। উপরন্তু বাণিজ্যিক ব্যাংকের কমহারের ঋণগুলো ধনীরা কুক্ষিগত করে রাখলেও কখনো কিছু বলেননি।
এসব ভেজাল ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ব্যাপারে সরকারসহ সকলের সোচ্চার হওয়ার জন্য তিনি আহবান জানান।
এই সেমিনার শেষে ড. ইউনূস চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, চট্টগ্রাম শাখার পক্ষ থেকে আয়োজিত অপর এক সংবর্ধনা সভায় যোগ দেন।
