২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলওয়ের আধুনিকায়নে ১৭ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ও এডিবি

বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়নে ১৭ কোটি আমেরিকান ডলার (১১৯০ কোটি টাকা) ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংক। এ ব্যাপারে বৃস্পতিবার তারা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 11:10 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বিশ্বব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, মোট ঋণের মধ্যে এডিবি দেবে ১৩ কোটি আমেরিকান ডলার, বাকিটা যোগাবে বিশ্বব্যাংক। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম, এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু এবং বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি ঝু জিয়াং এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) পেনি ডেভিস, জাপানি দূতাবাসের মাসামি তামুরা ও জাপান ব্যাংক অফ ইন্টারন্যাশনাল কো--অপারেশনের (জেআইবিসি) কিয়োশি আমাদা উপস্থিত ছিলেন।

রেলওয়ের উন্নয়নে প্রথমবারের মতো এডিবি, জেবিআইসি, বিশ্বব্যাংক ও ডিএফআইডির সমন্বিত পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশকে এই অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু এক বিবৃতিতে বলেন, “রেল যোগাযোগ ব্যবস্থায় অগ্রগতি হলে বাংলাদেশে প্রধান রপ্তানি পণ্য, বিশেষত তৈরি পোশাক পরিবহন ব্যয় অনেক কমে যাবে।”

বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি ঝু জিয়াং বলেন, “সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বব্যাংক বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয় সাধনে ভূমিকা রাখবে।”