২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউমার্কেট এলাকায় চউকের উচ্ছেদ অভিযান, বন্দরের নয় কাঠা জমি উদ্ধার

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নগরীর নিউমার্কেটের উল্টোদিকের সড়কে বৃহস্পতিবার দিনভর উচ্ছেদ অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেলসহ ১৫টি বহুতল মার্কেটের অংশবিশেষ ভেঙ্গে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

চউকের নকশা অনুযায়ী ভবন নির্মাণের সময় এসব বহুতল ভবনে পার্কিংয়ের জন্য চিহ্নিত জায়গায় দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছিল।

চউক ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌসের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে বুলডোজার দিয়ে এসব ভবনের পার্কিংস্থানে নির্মিত প্রায় দেড়শটি  দোকান ভেঙ্গে ফেলা হয়।

অনেক ব্যবসায়ী এবং দোকানদার নিজেরাই তাদের স্থাপনা সরাতে রাজী হওয়ায় তাদের একদিন সময় বেধে দেওয়া হয়েছে।

ব্যস্ততম এ এলাকায় এসব বহুতল মার্কেটের সামনে পার্কিংয়ের সুনির্দিষ্ট কোনো স্থান না থাকায় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখতে হতো। ফলে দিনের অধিকাংশ সময় এখানে যানজট লেগে থাকত।

চউক ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌস সাংবাদিকদের জানান, বহুতল মার্কেট ও ভবনের নিচে নকশা পরিবর্তন করে দোকান নির্মাণের বিরুদ্ধে অভিযান আরো দুই দিন চলবে।

এদিকে একই দিনে বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে অন্য একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর বন্দর এক্সেস রোড আন্ডার পাস এলাকা এবং নিউমুরিং এলাকায় অভিযান চালিয়ে বন্দরের নয় কাঠা জমি অবৈধ দখলমুক্ত করেছে।

এসব জমিতে অবৈধভাবে ঘরবাড়ি, শ্রমিক সংগঠনের অফিস এবং অন্যান্য স্থাপনা গড়ে তোলা হয়েছিল।