২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আইনকে স্বাগত জানালেও মানবাধিকার নিয়ে আইনজীবীদের মনে শঙ্কা

দুর্নীতিবাজদের রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখতে করা নতুন আইনকে স্বাগত জানিয়েছেন কয়েকজন  আইন ও সংবিধান বিশেষজ্ঞ। তবে আইনে জামিন না দেওয়ার বিষযটি মানবাধিকারের পরিপন্থি মন্তব্য করে অন্তত একজন আইনজ্ঞ বলছেন, এতে করে আদালতের অধিকার খর্ব হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

মঙ্গলবার সরকার জরুরি ক্ষমতা অধ্যাদেশ সংশোধন করে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত কেউ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না এ মর্মে নতুন আইন করে।

সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির এসব বিধান করায় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকার প্রশংসা করে বৃহষ্পতিবার সাংবাদিকদের বলেন, আমাদের দেশ পাঁচ বছর ধরে দুর্নীতির শীর্ষে রয়েছে। দুর্নীতির একটা প্রধান কারণ হলো এটি উপর মহল থেকে আসছে।

দুর্নীতিমুক্ত নির্বাচন করতে সরকার এই নতুন বিধিমালা করেছে মন্তব্য করে ড. জহির বলেন,  দুর্নীতির দায়ে দণ্ডিত ব্যক্তি আপিলে স্থাগিতাদেশের সুযোগ নিয়ে নির্বাচন করতে পারলে আইনটির উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। তবে আইনটির প্রয়োগ ও তার সাফল্য নির্ভর করবে  তদন্ত ও বিচার যারা করবে তাদের ওপর।

নতুন আইনে বলা হয়েছে, বিচার আদালত কোন দণ্ড দিলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্চতর আদালত ওই দণ্ড স্থগিত করতে পারবেনা। দণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তির সম্পত্তির ওপর দেওয়া জব্দ বা বাজেয়াপ্তের আদেশ বাতিল করতে পারবেনা আদালত।

সাবেক এটর্নি জেনারেল রফিক উল হক বলেছেন, এই বিধিতে জামিন না দেওয়ার বিষয়টি মানবাধিকারের বিরোধী। এ বিষয়টি আদালতের ক্ষমতা খর্ব করেছে।

তিনি বলেন, একদিকে এ সরকার বিচার বিভাগ আলাদা করছে অন্যদিকে আদালতের ক্ষমতা খর্ব করছে। এটা স্ববিরোধী।

ব্যারিস্টার রফিক উল হক  সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা প্রধান সাংবিধানিক এজেন্ডা। এর বাইরে গিয়ে দেশ সাফ করার নামে তারা যা করছে তা তাদের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে কিনা ভেবে দেখা উচিত।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশের সবাই চান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক যাতে কেউ ভবিষ্যতে দুর্নীতি করতে সাহস না পায়।

৭২ ঘন্টার মধ্যে সম্পত্তির হিসাব দেওয়ার বিধান প্রসঙ্গে তিনি বলেন, যার বৈধ সম্পত্তি থাকবে তার হিসাব দিতে তো কোনো অসুবিধা নেই। কোনো ব্যক্তি এই সময়ের মধ্যে হিসাব না দিতে পারলে তার সম্পত্তি অবৈধ বলে  ধরে নিতে হবে।

জামিন প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে দুর্নীতির কোন মামলায় পাঁচ-দশ বছর সাজা হলে আপিল করলেই জামিন হয়না।   

ব্যরিস্টার শফিক আহমেদ বলেন, দুর্নীতির মামলার সাজার রায় উচ্চ আদালতে স্থগিত করা যাবে না এ বিধান সর্র্ম্পূর্ণ আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আদালতের রায় স্থগিত করা ও জামিন দেওয়ার ক্ষমতা রাখা উচিত ছিল।