২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের মধ্যম হালিশহর এলাকায় দ্রুতগামী একটি বাসের চাপায় একজন মুদি দোকানদার নিহত হয়েছেন। কিশোরগঞ্জে অপর এক দুর্ঘটনায় এক রিকশা চালক নিহত ও রিকশা আরোহী দুই ভাই গুরুতর আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 03:55 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

চট্টগ্রাম পুলিশের বরাত দিয়ে প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের একটি মুদি দোকানে ঢুকে পড়লে দোকানদার নান্টু দেবনাথ (৪০) আহত হন।

আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার এক ঘন্টা পর তিনি মারা যান।

হালিশহর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম জানান, বাস চালক মো. রাসেল ও তার সহকারি মো. সবুজকে বাসটিকে আটক করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দর থেকে ভৈরবগামী একটি বাস (নং-- মোমেনশাহী- ব- ০৫- ০০২০) একটি রিকশাকে চাপা দিলে চালক খুরশীদ মিয়া (৬০), যাত্রী কামরুল ইসলাম (২৮) ও তার বড় ভাই জহিরুল ইসলাম (৩৩) গুরুতর আহত হন।

গুরুতর আহতাবস্থায় তাদেরকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর রিকশা চালক মারা যান। আহত কামরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বাসটি বর্তমানে করিমগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রয়েছে। তবে চালক নয়ন মিয়া পালিয়ে গেছে।