মিলনায়তন ভাড়া করে অনুষ্ঠান করতে পারবে না রাজনৈতিক দলগুলো
সভা--সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এখন থেকে রাজনৈতিক দলগুলোকে সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে দেবে না সরকার। ধর্মীয় অনুষ্ঠান ছাড়া মিলনায়তন ভাড়া করে তাদের কোনো অনুষ্ঠান করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা মইনুল হোসেন।
বুধবার আইন মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। (সংশোধিত)
বৈঠক শেষে মইনুল হোসেন সাংবাদিকদের বলেন,“বর্তমান সময়ে ঘরোয়া ভাবে রাজনীতি চলার কথা। রাজনীতিকে ঘরোয়া ভাবে রাখার ওপরই জোর দেয়া হয়েছে।”
একটি সূত্র জানিয়েছে, বিএনপির অঙ্গ সংগঠন জাসাস মিলনায়তন ভাড়া নিয়ে অনুষ্ঠান করার জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে। একই ভাবে সরকারের কাছে এধরনের বেশ কয়েকটি সংগঠন অনুমতি চেয়ে আবেদন করে। সংগঠনগুলোকে অনুমতি দেওয়া হবে কিনা এনিয়ে আলোচনা করার সময় সভায় বলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল দলের নেতারা রাজনৈতিক আলোচনা শুরু করলে তখন তা বন্ধ করা যাবে না। রাজনৈতিক আলোচনা শুরু হলে তা হবে বিদ্যমান আইনের পরিপন্থি। এছাড়া একটি দল শুরু করলে অন্য দলগুলোও একই কাজ করবে। একারণে এ ধরনের অনুষ্ঠান করতে না দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে।
বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে বস্তি ও হকার উচ্ছেদ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান, ৫৪ ধারায় গ্রেফতার না করা, বড় অপরাধীদের গ্রেফতার।
বস্তি উচ্ছেদ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “এতে দরিদ্র ব্যক্তিরা গৃহহীন হচ্ছে, এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখতে হবে।” তিনি জানান, উচ্ছেদের পাশাপাশি সরকারি জমিতে অবৈধভাবে বস্তি স্থাপনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃত সরকারি জমিতে দরিদ্র গৃহহীনদের জন্য আবাসন ব্যবস্থা করার বিষয়টি খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, “উচ্ছেদকৃত হকারদের প্রতিদিন ব্যবসা করার সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনায় রেখে পুলিশ ও এলজিআরডি মন্ত্রণালয়কে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সাম্প্রতিক ধর-পাকড়ের কারণে এখন দেশের জেলাখানাগুলোতে কয়েদীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি। ঢাকা জেলখানাতেই ১২ হাজারের জায়গায় বর্তমানে কয়েদী সংখ্যা ২৭/২৮ হাজার। এর মধ্যে ছোট-খাট অপরাধ ও সন্দেহজনক--- ৫৪ ধারায় গ্রেপ্তারকৃতদের সংখ্যা অনেক। এদের মামলাগুলো দ্রুত পর্যালোচনা করে ধাপে ধাপে তাদের ছেড়ে দেওয়া হবে।” এছাড়া ৫৪ ধারায় গ্রেফতারের ব্যাপারে নিরাপত্তা বাহিনীকে নিরুৎসাহিত করা হয়েছে বলেও জানান তিনি।
