বরিশাল পলিটেকনিকে ছাত্রলীগ--শিবির সংঘর্ষ
বরিশাল পলিটেকনিক কলেজে বুধবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে উভয় গ্র“পের কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আ. রাজ্জাক (১৮) কে শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম আহতের খবর অস্বীকার করে বলেন, ছাত্রলীগ ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে ধাওয়া--পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ আহত হয়নি।
সংঘর্ষের জন্য দুই সংগঠন পরস্পরকে দায়ী করেছে।
আহত ছাত্রলীগ নেতা আ. রাজ্জাক জানিয়েছেন, “ছাত্র ভর্তির নামে কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহবুব হোসেন মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে ক্যাম্পাস ছাড়ে। বুধবার দুপুরের দিকে সে ক্যাম্পাসে এলে আত্মসাতের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হয়। এতে তার সহযোগী বহিরাগত ক্যাডাররা আমাদের ওপর হামলা করে। হামলায় ছাত্রলীগের রনজিত, রুবেল ও বিপ্লব আহত হয়।”
হামলার কথা অস্বীকার করে শিবির নেতা মাহবুব হোসেন বলেন, “আমি দীর্ঘদিন পর প্রসংশা পত্র উত্তোলনের জন্য কলেজে এলে ছাত্রলীগের ক্যাডাররা আমার ওপর হামলা চালায়। এ সময় আমাদের সংগঠনের মাসুম, এনায়েত হোসেন এবং মহসিন আহত হয়।”
