২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উন্নয়ন ফি’ আদায়ের প্রতিবাদে জাবি ভিসিকে স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৬টি বিভাগে উন্নয়ন তহবিলের নামে টাকা আদায়ের প্রতিবাদে মঙ্গলবার উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 10:31 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান মঙ্গলবার প্রতিটি বিভাগের সভাপতির কাছে ওই টাকার হিসেব চেয়ে চিঠি দিয়েছেন।

সূত্র জানায়, চলতি ২০০৬--০৭ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন বিভাগে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে মোট ২৬টি বিভাগে পঁচিশ লক্ষাধিক টাকা আদায়ের প্রক্রিয়া চলছে।

ছাত্রজোট স্মারকলিপিতে জানায়, বিশ্ববিদ্যালয়ে ১৯৭৩ সালের অধ্যাদেশ লঙ্ঘন করে প্রতিটি বিভাগ ব্যাংক রশিদ ছাড়াই ফি আদায় করছে। ছাত্রদের উন্নয়নের নামে এই টাকা নিয়ে শিক্ষকদের কল্যাণে ব্যয় হবে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।

ছাত্রজোট ও সাংস্কৃতিকজোট অবিলম্বে ‘উন্নয়ন ফি’ এর নামে অবৈধ ফি আদায় বন্ধ, ভর্তিচ্ছু ছাত্রদের কাছ থেকে আদায় করা টাকা ফেরত এবং গত বছর আদায় করা টাকার স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানায়।

এদিকে, মঙ্গলবার উপাচার্য প্রতিটি বিভাগের সভাপতির কাছে গত বছর আদায় করা টাকার হিসেব এবং এ বছরের টাকা খরচের পরিকল্পনা জানতে চেয়ে চিঠি দিয়েছেন।

প্রসঙ্গত, গতবছর একইভাবে বিভাগগুলো টাকা আদায়ের খবর গণমাধ্যমে প্রকাশ হলে এবং সিনেট অধিবেশনে প্রশ্নের মুখে ভিসি সব বিভাগে একই ধরনের চিঠি দেন।

তবে কোনও বিভাগ ওই চিঠির উত্তর দিয়েছে বলে জানা যায়নি।