২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস: আতঙ্কিত হওয়ার কারণ নেই, বললেন কর্তৃপক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শ্যামপুর ও আনন্দপুর গ্রামসহ পাশের একটি বিলের বেশকিছু এলাকায় নতুন করে গ্যাস উদগিরন শুরু হওয়ায় গ্রামবাসীর মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 08:05 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

মঙ্গলবারও গ্রাম দুটি সরেজমিন ঘুরে দেখা গেছে, গ্যাসের প্রবল চাপে গ্রামের চারটি নলকূপ থেকে অবিরত পানি বের হচ্ছে।

শ্যামপুর গ্রামের হাবিব মিয়ার একটি পরিত্যক্ত নলকুপ থেকে হঠাৎ করে প্রচন্ড বেগে পানি ও গ্যাস উদগিরন শুরু হয়। যেকোনো মুহূর্তে অগ্নিকাণ্ডসহ ভয়াবহ দুর্ঘটনার আশংকা করছেন গ্রামবাসী। 

এ ছাড়া গ্রামের পাশের লইস্কা বিলের প্রায় ১ হাজার একর জমির কয়েক হাজার ফাটল দিয়ে বুদ বুদ করে গ্যাস বের হতে দেখা গেছে। এর অনেকগুলোতেই আগুন জ্বলছে। তিতাস নদীর ফাটল থেকেও অনবরত বের হচ্ছে গ্যাস।

তিতাস গ্যাস উদগিরন সম্পর্কে গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে কোম্পানির মূল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী  শহীদুল আবেদীন, মহাব্যবস্থাপক (অপারেশন), তিতাস গ্যাস ফিল্ডের উপ-- মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, কোম্পানি সচিব মোহাম্মদ মজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, তিতাস নদীর পূর্ব পাশে শ্যামপুর গ্রামে ৭০০ ফুট গভীর একটি ও ২০০ ফুট গভীর তিনটি নলকুপ থেকে অনবরত পানি ও গ্যাস নির্গত হচ্ছে।

তারা জানান, গত ৪/৫ বছর ধরেই ৭০০ ফুট গভীরের নলকূপটি থেকে বর্ষা মওসুমে পানি ও গ্যাস নির্গত হচ্ছে এবং শুষ্ক মওসুমে তা বন্ধ হয়ে যায়। বিষয়টি জানানো হলে পেট্রোবাংলা এবং বাপেক্সের বিশেষজ্ঞ এবং বুয়েটের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ বিভাগের বিভাগীয় প্রধান ড. তামীম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর প্রেক্ষিতে গত বছরের ৭ ডিসেম্বর তিতাস গ্যাস ফিল্ড এলাকায় গ্যাস উদগিরন বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্যাস উদগিরনের সম্ভাব্য কারণ চিহ্নিত করে প্রতিকারের সুপারিশ প্রণয়নের জন্যে একটি কমিটি গঠনের সিন্ধান্ত হয়। পরে গত ৯ জানুয়ারী ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটি বিদেশী বিশেষজ্ঞদের নিয়ে এলাকায় ব্যাপক অনুসন্ধান শেষে গত ১১ ফেব্র“য়ারি পেট্রোবাংলায় তাদের প্রতিবেদন পেশ করেছে। এর ওপর ভিত্তি করে পেট্রোবাংলা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কোম্পানির কর্মকর্তারা ওই গ্রাম দুটির বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

জানা গেছে, গত রোববার পেশ করা প্রতিবেদনে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলো লগিং কার্যক্রম গ্রহণের মাধ্যমে ৩ নং লোকেশনের কূপগুলোর সঙ্গে গ্যাস নির্গমনের সংশ্লিষ্টতা চিহ্নিত করে বর্তমানে গ্যাস উৎপাদনে নিয়োজিত বিদেশী বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং ভূগর্ভস্থ স্তরের অবোধগমন (সাবসিডেন্স) জনিত কারণে এ ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্ট দেশি --বিদেশি  বিশেষজ্ঞদের পরামর্শ ক্রমে পরবর্তী করণীয় নির্ধারণ করা।