২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক পুরস্কার পেল গ্রামীণফোন

হেলথ লাইন সার্ভিসের জন্য জিএসএম অ্যাসোসিয়শনের পুরস্কার পেয়েছে গ্রামীণফোন লিমিটেড। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে মোবাইল ফোনের সর্বোত্তম ব্যবহারের জন্য সংস্থাটিকে আন্তর্জাতিক এই মোবাইল পুরস্কার দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 07:19 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বার্সেলোনায় জিএসএম অ্যাসোশিয়েশনের বার্ষিক সম্মেলনে সোমবার এই পুরস্কার তুলে দেওয়া হয় গ্রামীণফোনের প্রধান নির্বাহী এরিক অস এর হাতে।

মঙ্গলবার গ্রামীণ ফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পুরস্কার গ্রহণের পর এরিক অস বলেন, “এটা গ্রামীণফোনের জন্য একটি বিরাট সম্মান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গ্রামীফোনের নেওয়া বিভিন্ন উদ্যোগের একটি স্বীকৃতি এই জিএসএমএ পুরস্কার।”

তিনি আরো বলেন, “গ্রামীণফোন ও মোবাইল ফোন শিল্প বাংলাদেশের উন্নয়নের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে। হেলথ লাইনের উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের বিষয়ে আমাদের আন্তরিকতার প্রমাণ তুলে ধরে। হেলথলাইন সার্ভিস বিপুল জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করবে।”

হেলথলাইন সার্ভিসের মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহক একজন লাইসেন্সধারী চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতে পারেন। এই সেবা দিনে ২৪ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিনই চালু থাকে। গ্রামীণফোন সংযোগ থেকে ৭৮৯ নম্বরে ডায়াল করে এই সার্ভিস পাওয়া যায়।

এর আওতায় চিকিৎসক এবং চিকিৎসা সেবা সংক্রান্ত তথ্য, ওষুধ ও ফার্মেসি সংক্রান্ত তথ্য, ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট (ইন্টারপ্রিটেশন), ডাক্তারের কাছ থেকে চিকিৎসা পরামর্শ (রেজিস্টার্ড গ্রাহকদের জন্য), জরুরি চিকিৎসার প্রয়োজনে সহায়তা ও পরামর্শ পাওয়া যায়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে জিএসএমএ এর প্রধান নির্বাহী রব কনওয়ে বলেন, “এই ক্যাটাগরিতে ব্যাপক প্রতিযোগিতা হয়েছে। বিজয়ী হতে ৬০টিরও বেশি অপারেটর, প্রস্তুতকারক, এনজিও, দাতব্য প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান এখানে নাম নিবন্ধন করেছিল।”

প্রসঙ্গত, জিএসএমএ --এর সহযোগিতায় গত বছর কমিউনিটি ইনফরমেশন সেন্টার (সিআইসি) নামে আরেকটি সেবা চালু করেছে গ্রামীণফোন। স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতায় গ্রামাঞ্চলে ইন্টারনেট ও অন্যান্য তথ্যভিত্তিক সেবা পৌঁছে দেওয়াই সিআইসির কাজ। বর্তমানে বাংলাদেশে প্রায় ৫০০ সিআইসি চালু আছে।