দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা কঠিন: ইউরোপীয় কমিশনের দূত
নির্বাচনের সময় এবং তারিখ দ্রুত ঘোষণা করা সরকারের পক্ষে খুবই কঠিন বলে মন্তব্য করেছেন ইউরোপিয় কমিশনের রাষ্ট্রদূত স্টেফান ফ্রয়েন।
সোমবার দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকারকে একসঙ্গে অনেকগুলো কাজ করতে হচ্ছে।” তবে তিনি মনে করেন, “একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের দিকে সঠিকভাবে এবং সঠিক পথেই এগুচ্ছে সরকার।”
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের গ্রেপ্তারে সরকারের উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত, “দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের বিষয়টি আমরা সমর্থন করি।”
ব্যারিস্টার মইনুল হোসেনও সাংবাদিকদের বলেন, “ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত সরকারের উদ্যোগগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।”
