২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার দুই বিএনপি নেতা জেল হাজতে

প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের শীত বস্ত্রসহ প্রচুর পরিমাণ ডাল অবৈধ মজুদের অভিযোগে বগুড়া জেলা বিএনপির বর্তমান ও সাবেক দুই নেতাকে সোমবার জেল হাজতে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 05:52 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে ভিপি সাইফুল এবং সাবেক সদস্য শোকরানাকে সোমবার বগুড়া ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর না করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে রোববার রাতে বগুড়ার ছিলিমপুর এলাকায় শোকরানার ৪ তারকা হোটেল ‘নাজ গার্ডেন’--এর পাশে তারই মালিকানাধীন গুদামে অভিযান চালায় যৌথবাহিনী।

এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের সিল লাগানো ২১ কার্টন কম্বল ছাড়াও হাওয়া ভবন থেকে পাঠানো ৪ হাজার ৫৭৫ পিস কম্বল, ১ হাজার ৯০০ পিস শাড়ি এবং ৮৯০ পিস সোয়েটার আটক করা হয়। এছাড়া অবৈধভাবে মজুদ রাখা ৫২ হাজার ২৮ বস্তা ডালও আটক করে যৌথবাহিনী।

অভিযানের নেতৃত্বে থাকা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান মৃধা নফহবংি২৪.পড়স--কে বলেন, “প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের কম্বলগুলো সরকারি সম্পদ। এগুলো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে গুদামজাত করার অভিযোগে মামলা হবে এবং বিশেষ আদালতে তাদের বিচার করা হবে।”

তিনি বলেন, ডাল মজুদ রাখা গুরুতর অপরাধ। আমদানির পর ৬০ দিনের মধ্যে বাজারে বিক্রি না করায় সেগুলো জব্দ করা হয়।

ডাল মজুদকারী অন্য ব্যবসায়ী পরিমল সিং পলাতক রয়েছেন।

গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বগুড়া সদর আসনের সংসদ সদস্য সাবেক প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দলের পক্ষ থেকে আমি কম্বলগুলো গ্রহণ করে গুদামজাত করেছিলাম।”

শোকরানা সাংবাদিকদের বলেন, “আমি বিএনপিতে থাকার সময় তারেক রহমানের অনুরোধে শীতবস্ত্রগুলো আমার গুদামে রাখতে দিয়েছিলাম।’

২২ জানুয়ারি নির্বাচনে বগুড়া--১ আসনের প্রার্থিতা নিয়ে বিরোধে জড়ানোর অভিযোগে শোকরানাকে কয়েক মাস আগে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।