২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজ বিচার বিভাগ আলাদা হয়েছে: মাযদার হোসেন

ফৌজদারি কার্যবিধির সংশোধন অধ্যাদেশ--২০০৭ বুধবারের মধ্যে সুপ্রিম কোর্টে উপস্থাপনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর মধ্য দিয়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার শেষ আইনি প্রক্রিয়াটি সম্পন্ন হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এদিকে বিচার বিভাগ আলাদা করার এ মামলায় বাদীপক্ষ রায়ের সঙ্গে সরকারের জারি করা বিধিমালা ও অধ্যাদেশের অসংগতির তুলনামূলক চিত্র আদালতে তুলে ধরেছেন। এ বিষয়ে আগামী বুধবার শুনানি হবে।

রোববার রাতে বাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ জারি করায় বিচার বিভাগ আলাদা করার সব আইনি প্রক্রিয়া শেষ হয়। রায়টি বাস্তবায়ন হওয়ার পরিপ্রেক্ষিতে এ মামলার বাদী বর্তমানে সিরাজগঞ্জের জেলা জজ মাযদার হোসেন সন্তোষ প্রকাশ করে সুপ্রিমকোর্টে উপস্থিত সাংবাদিকদের বলেন, আজ ঐতিহাসিক দিন। আজ বিচার বিভাগ আলাদা হওয়া সম্পন্ন হয়েছে। এখন থেকে বিচার বিভাগ নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত হয়ে জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারবে।

সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে সাত বিচারকের আপিল বিভাগে মামলার রায় বাস্তবায়নের অগ্রগতি নিয়ে শুনানি হয়।

শুনানিতে সরকার পক্ষে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশে রোববার রাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। এখন অধ্যাদেশটি ছাপার শেষ পর্যায়ে রয়েছে। সোমবারের মধ্যেই অধ্যাদেশটি হাতে পাওয়া যাবে। ২০০৭ সালের দুই নম্বর অধ্যাদেশ হিসাবে এটি জারি হয়েছে।

আদালত এসময় অধ্যাদেশটি দেখানোর নির্দেশ দেন। জবাবে এটর্নি জেনারেল বলেন, ছাপা হয়ে আসার সঙ্গে সঙ্গে এটি আদালতে জমা দেওয়া হবে। তিনি অধ্যাদেশে রাষ্ট্রপতির স্বাক্ষরের নথি উপস্থাপন করে বলেন, এটি বাস্তবায়নের জন্য এখন সুপ্রিমকোর্টকে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে।

আদালত এ পর্যায়ে আগামী বুধবার এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করে ওই দিনের মধ্যে সরকারকে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ আদালতে উপস্থাপনের নির্দেশ দেন।

মাযদার হোসেন মামলার বাদী পক্ষের কৌসুলী ব্যারিস্টার আমীর উল ইসলাম সব বিধি ও অধ্যাদেশের সঙ্গে রায়ের তুলনামূলক চিত্র উপস্থাপন করলে আদালত এ বিষয়েও বুধবার শুনানির কথা বলেন। আদালতে উপস্থিত মাযদার হোসেন সাংবাদিকদের বলেন সংবিধানের ২২ অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করবে। কিন্তু ৩৫ বছরেও এ কাজটি সম্পন্ন করা হয়নি। তিনি বলেন, নির্বাহী বিভাগের ধারণা ম্যাজিস্ট্রেসি চলে গেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু এসব খোরা যুক্তি। ম্যাজিস্ট্রেটদের বিচারিক কাজ চলে গেলে তারা নির্বাহী বিভাগের কাজে আরো মনোযোগ দিতে পারবে।

দীর্ঘ সাত বছর ঝুলে থাকা বিচার বিভাগ পৃথকীকরণের রায় বাস্তবায়নের পদক্ষেপ হিসাবে গত ১৬ জানুয়ারি রাতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত চারটি বিধি মালা জারি করে।