চুয়াডাঙ্গায় ১৩ কেজি সোনাসহ তিন চোরাকারবারি আটক
বিডিআরের কুষ্টিয়া সেক্টরের একটি বিশেষ দল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার লোকনাথপুর পেট্রোল পাম্পের সামনে দর্শনাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৩ কেজি সোনা উদ্ধার করেছে। এসময় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
উদ্ধার করা সোনার এই চালানটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় চালান বলে জানা গেছে। উদ্ধারকৃত সোনা জেলা মালখানায় জমা এবং আটককৃত চোরাকারবারিদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বিডিআর সূত্রে জানা গেছে, বড় ধরনের একটি সোনার চালান ভারতে প্রবেশ করতে যাচ্ছে এরকম খবর পেয়ে বিডিআরের কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার-- ২ (জেএসও) মেজর আকতারের নেতৃত্বে একটি বিশেষ দল চুয়াডাঙ্গার দামুরহুদা স্টেশনের সামনে ওঁৎ পেতে থাকে।
সোমবার সকাল ৮টার সময় ঝিনাইদহ থেকে দর্শনা অভিমুখী একটি ট্রাকে (ঢাকা মেট্টো ড-১১-১৪১৬) তল্লাশি চালিয়ে ১৩ কেজি সোনা উদ্ধার এবং তিন চোরা কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের অনিল কুমার দাসের ছেলে জোগনাল কুমার, কলাবাগান গ্রামের অরবিন্দ কুমার মজুমদারের ছেলে অলিক কুমার মজুমদার এবং মাগুরা জেলার চন্দন প্রতাপ গ্রামের অমুল্য কুমার কুণ্ডুর ছেলে অনন্ত কুমার কুণ্ডু।
বিডিআরের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, উদ্ধারকৃত সোনার মূল্য বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা।
মেজর আকতার এই প্রতিনিধিকে সোনা উদ্ধারের অভিযানের সত্যতা স্বীকার করে জানান, সোনার এই চালান উদ্ধারের পর ০১৭২০--৫১৩৮৮১ এবং ০১৭১৮-২০৮২৫৭ নম্বর মোবাইল থেকে দফায় দফায় ফোন করে তদ্বির করা হয়।
চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলস ব্যাটালিয়ন নিয়ন্ত্রিত এলাকায় কুষ্টিয়া সেক্টরের বিশেষ দলের অভিযান ও সোনা উদ্ধারের ঘটনায় স্থানীয় বিডিআরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
