ব্রাহ্মণবাড়িয়ার দু গ্রামে গ্যাস: তদন্ত প্রতিবেদন পেশ
ব্রাহ্মণবাড়িয়ার দুটি গ্রাম ও একটি বিলে গ্যাস উদগিরণের কারণ অনুসন্ধানে পেট্রোবাংলা গঠিত ছয় সদস্যের কমিটি রোববার বিকেলে প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্ত কমিটির সদস্য সচিব তিতাস গ্যাস ফিল্ডের উপ--মহাব্যবস্থাপক প্রকৌশলী কামরুজ্জামান জানান, ৩২ দিন ধরে ব্যাপক অনুসন্ধানের পর বেশ কয়েকটি সুপারিশসহ পেট্রোবাংলার পরিচালকের (অপারেশন) কাছে তারা প্রতিবেদন জমা দিয়েছেন। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।
তিতাস গ্যাস ফিল্ডের কাছে শ্যামপুর ও আনন্দপুর গ্রাম এবং পার্শ্ববর্তী একটি বিলের বিভিন্ন স্থান দিয়ে ক্রমাগত গ্যাস উদগিরণের প্রেক্ষিতে ৯ জানুয়ারি ছয় সদস্যের তদন্ত কমিটি করে পেট্রোবাংলা। কমিটির আহ্বায়ক করা হয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির মহা--ব্যবস্থাপক আখের আওয়ালকে।
গত কয়েক দিন ধরে দুটি গ্রামের বাসিন্দাদের গ্যাস আতঙ্কের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এবং তিতাস গ্যাস ফিল্ডের কর্মকর্তারা শনিবার দুপুরে শ্যামপুর ও আনন্দপুর গ্রাম পরিদর্শন করেন। তারা গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান।
