২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেবেন না: মেয়র মহিউদ্দিন

শ্রমিকদের অজুহাত দিয়ে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। গার্মেন্টস শিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় করারও দাবি জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 09:29 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

চট্টগ্রামে তিন দিনব্যাপী তৈরি পোশাক ও মেশিনারিজ প্রদর্শনীÑÑকাফেক্সপো শেষ হওয়ার অনুষ্ঠানে শনিবার তিনি বন্দর ও গার্মেন্টস শিল্পের সম্ভাবনা ও সমস্যা নিয়ে বক্তব্য রাখছিলেন।

বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি সংস্থা (বিজিএমইএ) আয়োজিত প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক দূরবস্থার মধ্যে গার্মেন্টস শিল্প আলো জ্বালিয়ে রেখেছে। তারপরও সমস্যা পিছু ছাড়ছে না দেশের সর্ববৃহৎ বৈদেশিক মূদ্রা অর্জনকারী এ শিল্পের।

প্রদর্শনীর স্থান চিটাগাং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রধান অতিথির বক্তৃতায় তিনি গার্মেন্টস শিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় করার দাবি জানিয়ে বলেন, অভিভাবক ছাড়া কোনো কিছু সঠিক পথে চলতে পারে না। তিনি জানান, চট্টগ্রামে একটি গার্মেন্টস পল্লী গড়ে তোলার জন্য এক হাজার একর জায়গা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিগত সরকার পদক্ষেপ না নেওয়ায় তা বাস্তবায়নের কাজ শুরু করা যায় নি।

মেয়র বলেন, চট্টগ্রাম বন্দর ছাড়া দেশের উন্নয়নের আশা করা বৃথা। বিভিন্ন মহল বন্দরকে নানা ভাবে অবহেলা করার চেষ্টা করছে। এ বিষয়ে বর্তমান সরকারসহ সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের অজুহাত দিয়ে বন্দরকে বিদেশি ও মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা বাদ দিতে হবে।

সরকারিভাবে পরিচালিত সিঙ্গাপুর বন্দরের উদাহরণ দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি চুক্তি কিংবা ইজারা দিয়ে নয়, বরং আধুনিকায়ন ও সম্প্রসারণ করে বন্দর অধিক কার্যকর করার আহবান জানান।

মেয়র বিজিএমইএ নেতাদের উদ্দেশে বলেন, রাজনীতিবিদদের গালি না দিয়ে দুর্নীতিসহ অন্যান্য সমস্যা কীভাবে সমাধান করা যায় সে চেষ্টা করুন।   

বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের (ইউ) প্রধান এইচ ই স্টিফেন ফ্রোওয়েন বলেন, বাংলাদেশে বৈরি পরিবেশ সত্ত্বেও গার্মেন্টস শিল্পখাত থেকে রপ্তানি আয় সঠিক পথে রয়েছে। তিনি মনে করেন সাম্প্রতিক সংকট কাটিয়ে তা বর্তমান অর্থ বছরের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে।    

তিনি শ্রমিকদের নূন্যতম মজুরি প্রদান এবং মান সম্মত কাজের পরিবেশ তৈরি করার জন্য গার্মেন্টস মালিকদের আহবান জানান।  

বিজিএমইএ সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সুব্রত ব্যানাজী, বিজিএমইএ--এর প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমদ মিন্টু প্রমুখ।

চিটাগাং অ্যাপারেল ফেব্রিকস এন্ড এক্সেসরিজ এক্সপোজিশন (কাফেক্সপো) নামে এ প্রদর্শনীতে ২৮টি স্টলে ১৬টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের তৈরি পোশাক ও এক্সেসরিজ প্রদর্শিত হয়েছে।