২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার ঝুঁকিপূর্ণ গ্রাম দুটি পরিদর্শন করেছেন কর্মকর্তারা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামপুর ও আনন্দপুর গ্রাম এবং পার্শ্ববর্তী একটি বিলে গ্যাস উদগীরণের খবর প্র্রচার হওয়ার পর জেলা প্রশাসক, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ফিল্ডের কর্মকর্তারা শনিবার ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 04:30 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সৈয়দ আহাম্মদ ছাপা শ্যামপুর গ্রামে গ্যাসের আগুনে দগ্ধ আসমা আক্তারকে দেখেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

শনিবারও গ্যাসের প্রবল চাপে শ্যামপুর গ্রামের তিনটি নলকুপ থেকে অবিরত পানি বের হয়েছে। অসংখ্য ফাটা স্থান থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন।

শ্যামপুর ও আনন্দপুর গ্রামদুটি পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফায়েকুজ্জামান চৌধূরী, তিতাস গ্যাস ফিল্ডের উপ--মহাব্যবস্থাপক প্রকৌশলী কামরুজ্জামান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উপ--মহাব্যবস্থাপক লায়েক আলম চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলতাব হোসেন প্রমুখ।

গ্রামবাসীরা জেলা প্রশাসককে জানান, অব্যহত গ্যাস উদগীরণ ও আগুনের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে।

তিতাস গ্যাস ফিল্ডস কোম্পানির ডিজিএম প্রকৌশলী কামরুজ্জামান জানান, গ্যাস উদগীরণের কারণ অনুসন্ধান ও করণীয় নির্ধারণের জন্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির মহাব্যবস্থাপককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। তিনি এ কমিটির সদস্য সচিবের দয়িত্বে আছেন। রোববার সুপারিশসহ একটি প্রতিবেদন পেট্রোবাংলায় জমা দেওয়ার কথা রয়েছে।

প্রকৌশলী কামরুজ্জামান আরো জানান, গত তিন মাস ধরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মাগুরছড়া বা টেংরাটিলার মতো দুর্ঘটনা আশংকা নেই। তবে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।