২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি কোম্পানির কাছ থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার

আগামী জুনে জাতীয় গ্রিডে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হতে যাচ্ছে। ৫টি বেসরকারি কোম্পানির কাছ থেকে এসব বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিনিময়ে কোম্পানিগুলোকে তিতাস থেকে গ্যাস সরবরাহ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 04:17 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এ বিষয়ে ফেব্র“য়ারির মধ্যেই কোম্পানিগুলোর সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ১৫ বছর মেয়াদি চুক্তি হবে। রোববার জ্বালানী মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।   

বৈঠকে বিদ্যুৎ সংকট মোকাবিলায় জ্বালানী উপদেষ্টা তপন চৌধুরী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

২০ ফেব্র“য়ারির মধ্যে চুক্তির খসড়া পাঠানো হবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে। খসড়া পরীক্ষা করে কোম্পানিগুলো তা মন্ত্রণালয়ে ফেরৎ পাঠাতে সময় পাবে এক সপ্তাহ। এরপর প্রতিটি কোম্পানির সঙ্গে আলাদা চুক্তি হবে।

সিদ্ধান্ত অনুযায়ী চুক্তি স্বাক্ষরের ১২০ দিনের মধ্যে পাওয়ার প্ল্যান্টগুলো উৎপাদন শুরু করবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবে সরকার। 

গত সরকারের নেওয়া রেন্টাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের আওতায় কোম্পানিগুলোর কাছ থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ৩ থেকে ৫ টাকা দরে।

বিদ্যুৎ বিক্রেতা ৫টি বেসরকারি কোম্পানি হলো- বগুড়ায় ২০ মেগাওয়াট উৎপাদনক্ষম জেবিসি কোম্পানি লি:, শাহজিবাজারে ৮০ মেগাওয়াট উৎপাদনক্ষম ইউনাইটেড এণ্ড নেপচুন জেভি লি:, ফেঞ্চুগঞ্জে ৫০ মেগাওয়াট উৎপাদনক্ষম অরনেট লি:, কুমারগাঁওয়ে ২০ মেগাওয়াট উৎপাদনক্ষম মেসার্স সামিট এবং বাড়বকুণ্ডে ২০, ফেনীতে ২০ ও শিকলবাহারে ৫০ মেগাওয়াট উৎপাদনক্ষম মেসার্স হোসাফ সিএমইসি পাওয়ার জেনারেশন কোম্পানি।

গরমের সময় সারাদেশে বিদ্যুতের চাহিদা থাকে ৫ হাজার থেকে ৫ হাজার ৩শ মেগাওয়াট। উৎপাদন হয় ৩ হাজার ৩শ থেকে ৩ হাজার ৬শ মেগাওয়াট। ঘাটতি থাকে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। ২৬০ মেগাওয়াট যুক্ত হলে এ ঘাটতির কিছুটা পুরণ হবে।