২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর বেসরকারিকরণে এখন আপত্তি নেই মহিউদ্দিনের

দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম বন্দরের বেসরকারিকরণে বিরোধিতা করলেও ১৩ দিন পর দেশে ফিরে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি মনে করে বেসরকারিকরণের মাধ্যমে বন্দরের উন্নয়ন হবে, তাহলে তারা তা করতে পারে। তাতে তিনি সমর্থন দেবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

১৩ দিনের বিদেশ সফর শেষে শুক্রবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

নেদারল্যান্ড ও থাইল্যান্ডে সফর শেষে শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে মেয়র ও চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী থাই এয়ারওয়েজের একটি বিমানে করে ব্যাংকক থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দলীয় নেতা-- কর্মী ও আইনজীবীরা এসময় বিমানবন্দরে মেয়রকে স্বাগত জানান।

এসময় মেয়র বলেন, “দেশ ও জাতির স্বার্থে চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণ করা হলে সেটা করতে দিতে কারও কোনো আপত্তি থাকার কথা নয়।”

তবে তিনি বন্দরকে সরাসরি কারও হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে বলেন, “দেশের টাকায় তিল তিল করে গড়ে তোলা এ বন্দর বেসরকারিখাতে ছেড়ে দেওয়ার নামে যাতে কোনো ষড়যন্ত্রের শিকার না হয় সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।”

তিনি বন্দরকে কোনো মাফিয়া চক্র যাতে দখল করতে না পারে সেজন্য বর্তমান সরকারকে সজাগ থাকতে আহবান জানান।

বন্দরের উন্নয়ন প্রসঙ্গে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পদক্ষেপের বিষয়ে সিটি মেয়র সাংবাদিকদের বলেন, বন্দরের বিভিন্ন খাতে উন্নয়নের জন্য সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ নিলে তিনি তাতে সমর্থন দেবেন।

দেশব্যাপী গ্রেপ্তার অভিযান প্রসঙ্গে মেয়র বলেন, শুধু রাজনীতিবিদ নয়, দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, দুর্নীতিবাজ ও গডফাদারদের গ্রেপ্তার বর্তমান সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। দেশে বিগত কয়েক বছর থেকে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। জড়িতরা যাতে রেহাই না পায় সেজন্য তাদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

তিনি বলেন, “আমি নিজেও যদি দুর্নীতি করি তাহলে আমারও বিচার হবে। তবে শুধুমাত্র রাজনীতি করার কারণে যাতে কেউ হয়রানির শিকার কিংবা গ্রেপ্তার না হয় সেজন্য সরকারকে সতর্ক থাকতে হবে।”

সিটি মেয়র বলেন, “একটি মহল রাজনীতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। যতদিন পর্যন্ত এ দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত না তবে ততদিন রাজনীতি করে যাবো।”

মেয়র গত ২৭ জানুয়ারি নেদারল্যান্ডের একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে হেগের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন।হেগ থেকে ৩ ফেব্র“য়ারি তিনি ব্যাংকক আসেন। ৪ ফেব্র“য়ারি তার দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসার জন্য মেয়র আরও কয়েকদিন ব্যাংককে অবস্থান করেন। 

দেশব্যাপী ৩ ফেব্র“য়ারি থেকে নেতৃস্থানীয় রাজনীতিবিদদের গ্রেপ্তার শুরু হলে অনেকেই ধারণা করছিলেন যৌথ বাহিনীর গ্রেপ্তার এড়াতে তিনি চট্টগ্রাম ফিরে আসার যাত্রা বাতিল করেছিলেন।