২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আলুচাষে বিপর্যয়, কৃষকরা বিপাকে

চারা ঠিকমতো না গজানোর কারণে ও অধিকাংশ গাছের পাতা কুঁকড়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কুড়িগ্রামের আলুচাষীরা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

কৃষকদের অভিযোগ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) থেকে নেওয়া বীজ ভাইরাসযুক্ত হওয়ায় ঠিকমতো আলুচারা গজায়নি। উপরন্তু শতকরা ৫০/৬০ ভাগ আলু গাছের পাতা কুঁকড়ে হলুদ হয়ে গেছে এবং সেগুলো আর বাড়ছে না।

কুড়িগ্রাম কৃষিবিভাগ ও বিএডিসি কর্তৃপক্ষ আলুচাষ বিপর্যস্ত হওয়ার কথা স্বীকার করলেও ভাইরাস সংক্রামিত বীজের কারণেই এমনটি হয়েছে কিনা সে ব্যাপারে কিছু বলেনি।

কৃষিবিভাগের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৪৬১ হেক্টর জমিতে আলু চাষ করে ৬৯ হাজার ৩২৪ মে. টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

গত মৌসুমে আলুক্ষেতে ব্যাপক ছত্রাকের আক্রমণের কারণে কৃষকরা আলুবীজ সংরক্ষণ করতে পারেনি। তাই এবার তারা আলু উৎপাদন ও বীজ সংরক্ষণের জন্য বিএডিসির বীজের ওপর নির্ভরশীল ছিলেন। ব্যাপক চাহিদা সত্ত্বেও কুড়িগ্রামে মাত্র ১৬০ মে. টন আলুবীজ বরাদ্দ দেওয়া হয়। এর বাইরেও বীজ ব্যবসায়ীরা বিভিন্ন জেলা থেকে বিএডিসির বীজ এনে তা চড়াদামে বিক্রি করেন।

হালখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের কৃষক মামুনুর রশীদের (৩৫) অভিযোগ, তিনি বিএডিসির ডিলার বিমল চন্দ্র দেবের কাছে ‘বি’ গ্রেড ডায়মন্ড জাতের আলুবীজ ৩৫ টাকা কেজি দরে কিনে ৪ একর জমিতে চাষ করেন। ঠাকুরগাও বিএডিসি হিমাগার থেকে এসব বীজ সরবরাহ করা হয়। কিন্তু তার জমির আলু গাছের পাতা কুকড়ে গেছে। গাছ বাড়ছে না। বীজ আলুও পচে গেছে। তাছাড়া বপন করা বীজও ঠিকমতো গজায়নি।

একইভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন, শিবরাম গ্রামের চাষী আব্দুস সালাম ব্যাপারী (৪৫) ও সৈয়দ মাহবুব আলী (৪৮)।

আবদুস সালাম জানান, অভিযোগের পর কুড়িগ্রাম খামারবাড়ির উপ--পরিচালকসহ কৃষিবিদরা আলু ক্ষেত পরিদর্শন করলেও কোনও প্রতিকার পাওয়া যায়নি।

কাঠালবাড়ি ইউনিয়নের কৃষি বিভাগের ব্লক সুপার ভাইজার ফনিন্দ্রনাথ সাহা জানান, তিনি নিজেই বিএডিসির বীজ দিয়ে দেড় একর জমিতে আলু চাষ করে প্রতারিত হয়েছেন। সরবরাহ করা এসব বীজ ছিল ভাইরাস সংক্রমিত।

কুড়িগ্রাম খামারবাড়ির উপ--পরিচালক মো. মহসিন আলী ক্ষতিগ্রস্ত কৃষকদের আলু ক্ষেত পরিদর্শনের কথা স্বীকার করে বলেন, বিএডিসি কর্তৃপক্ষকে এ ব্যাপারে মৌখিকভাবে জানানো হয়েছে।

এদিকে, রংপুরের বিএডিসির বীজ বিক্রয় কেন্দ্রের উপ--পরিচালক (বিপণন) আবু তালেব জানান, তার কাছে এ ব্যাপারে কোনও লিখিত অভিযোগ আসেনি।

তিনি জানান, প্রাথমিকভাবে ভাইরাসযুক্ত গাছ তুলে না ফেললে ধীরে ধীরে ৬০ শতাংশ পর্যন্ত গাছ আক্রান্ত হতে পারে। এজন্য কৃষকদের আগে থেকেই সচেতন হতে হবে।