গণমাধ্যমের প্রতি জরুরি বিধিমালা প্রয়োগে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে
তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলা সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি জরুরি বিধিমালা প্রয়োগ করা যাবে না। বুধবার এক তথ্য বিবরণীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের একথা জানিয়ে দেওয়া হয়েছে।
তথ্য বিবরণীতে, সংবাদপত্র ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে যাতে হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাছে পাঠানো তথ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনায় উল্লেখ করা হয়, সংবিধানের অনুচ্ছেদ ১৪১ ক (১) এর অধীনে ১২ জানুয়ারি জরুরি অবস্থা ও জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭ জারির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৫ জানুয়ারি জরুরি ক্ষমতা বিধিমালা জারি করে। এই বিধিমালায় প্রয়োজনবোধে সরকারকে বিধিনিষেধ আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে।
বিধিমালার ৫ (১) উপ--বিধির আওতায় ভবিষ্যতে বিধিনিষেধ আরোপ করা হবে কি না সে বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে না জানানো পর্যন্ত এর অধীনে যাতে কোন ক্ষমতা প্রয়োগ করা না হয় সেদিকে সর্তক দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, তথ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত কোন প্রকার বাধা--নিষেধ আরোপ করেনি।
এছাড়া তথ্য বিবরনীতে পেশাগত দায়িত্ব পালনে সৎ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে সুসর্ম্পক গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।
