২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে রক্তনীতিমালা অনুমোদিত

দেশে প্রথমবারের মতো জাতীয় রক্তনীতিমালা অনুমোদন করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে সরকারিভাবে  আরো ৫০টি নিরাপদ রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 11:03 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এ ছাড়া ১০টি এইচআইভি/ এইডস শনাক্তকরণ ল্যাবরেটরি ও কাউন্সেলিং কেন্দ্র স্থাপনেরও সিদ্ধান্ত হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) ডা. এ এস এম মতিউর রহমানের সভাপতিত্বে বুধবার এক বৈঠকে এই অনুমোদন ও এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন-২০০২ আওতায় রক্তনীতিমালাটি  প্রণীত হয়েছে।

‘জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিল’--এর বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের  জানান, দেশে পেশাদার রক্তদাতার হার ৭০ শতাংশ গত ছয় বছরে থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। বর্তমানে প্রতিবছর সারাদেশে প্রায় সাড়ে তিন লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়।

তিনি আরো জানান, ২০০০ সালে পরিচালিত এক গবেষণায় পেশাদার রক্তদাতাদের ২৯ ভাগের দেওয়া রক্তে হেপাটাইটিস--বি, ৬ ভাগের রক্তে হেপাটাইটিস--সি এবং ২২ শতাংশের রক্তে সিফিলিসের জীবাণু পাওয়া যায়।

জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিলের এই বৈঠকে দেশে ১০টি এইচআইভি/ এইডস শনাক্তকরণ ল্যাবরেটরি ও কাউন্সেলিং কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোন ব্যক্তি সন্দেহ পোষণ করলে এ সকল কেন্দ্রে এইচআইভি/এইডস পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ পাবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, রংপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য বিভাগীয় শহরে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালে এ সব কেন্দ্র স্থাপন করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, অনুমোদিত জাতীয় রক্তনীতিমালায় রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে এইচআইভি/ এইডস, হেপাটাইটিস-বি ও সি, সিফিলিস, ম্যালেরিয়া প্রতিরোধ; রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও পরিসঞ্চালন নিরাপদ করা; স্বেচ্ছায় রক্তদান উৎসাহিত করা; বেসরকারি রক্ত পরিসঞ্চালন কেন্দ্রসমূহকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা; পর্যায়ক্রমে পেশাদার রক্তদান ব্যবস্থা বন্ধ করা; কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপনসহ সাতটি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ঢাকার মহাখালিতে একটি জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কেন্দ্র দেশের বর্তমান ৯৮টি নিরাপদ রক্ত পরিসঞ্চালন কেন্দ্রসহ সকল রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের রেফারেল প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।