২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্র্যাক ডেইরিকে দেড় লাখ টাকা জরিমানা

কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই এর লাইসেন্স নবায়ন না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বুধবার গাজীপুরের ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রোডাক্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত দুপুরে গাজীপুর শহরের লক্ষ্মীপুরা এলাকায় আড়ং দুধের কারখানায় অভিযান চালায়। আড়ংয়ের ম্যাংগো জুসে বিএসটিআই এর লাইসেন্সের মেয়াদ ২০০৬ সালে জুনে শেষ হওয়ার পরও বর্ধিত না করায় মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়।

বিএসটিআই এর মাঠ কর্মকর্তা কে এম হানিফ বাদী হয়ে মামলাটি করেন। পরে ম্যাজিস্ট্রেট মামলার রায়ে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।

এদিকে একই আদালত আড়ংয়ের সীমানা দেয়ালের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করে।

এ ছাড়া গাজীপুর ও টঙ্গীতে চারজনকে আটক করেছে যৌথবাহিনী।

সেনা সদস্যরা সকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি আফজাল হোসেন সরকার রিপন (৩০) কে নাওজোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।

এদিকে সেনা সদস্যরা টঙ্গী থেকে তিন সন্ত্রাসী মিজান (২৫), ইদ্রিস (৩০) ও মফিজ (৩৫) কে গ্রেপ্তার করে।