২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্ববাজারে টিকে থাকতে হলে পণ্য বৈচিত্র্য বাড়াতে হবে’

বিশ্ব বাজারে টিকে থাকতে হলে পণ্য-বৈচিত্র্য বাড়ানোর জন্য জোর দিয়েছেন শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 04:30 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বুধবার ঢাকায় বিশ্ব বাণিজ্যের নানা উপাত্ত নির্ভর একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ আহবান জানিয়েছেন উপদেষ্টা। “উন্নত দেশগুলোর রপ্তানি বাজারে সাফল্যের সঙ্গেই ঠাঁই করে নিয়েছে বাংলাদেশ, কিন্তু পণ্যের সংখ্যা এখনও খুবই কম”- বলেছেন গীতিআরা সাফিয়া চৌধুরী।

“এক্সপোর্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট : অ্যান আনসার বুক ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এক্সপোর্টারস” নামের বইটি যৌথভাবে প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)। ডিসিসিআই সভাপতি হোসাইন খালেদের সভাপতিত্বে ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের নেতা স্টেফান ফ্রোয়েন বিশেষ অতিথি ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে গত অর্থবছরে ১ হাজার ৫০ কোটি ডলারের মোট রপ্তানির ৭৬ ভাগই ছিল তৈরি পোষাক খাতের দুটো পন্য- উভেন ও নিট ওয়্যার।

শিল্প উপদেষ্টার মতে বাংলাদেশ উন্নত দেশগুলোর রপ্তানি  বাজারে জায়গা করে নিলেও পণ্য তালিকা সম্প্রসারণে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, “রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা খুবই কম। এর প্রধান কারণ হচ্ছে গুণ ও মানের ঘাটতি।” গীতিআরা সাফিয়ার বক্তব্য, পণ্যে বৈচিত্র আনতে হলে বিশ্ব মানের ব্যাপারে নিশ্চিত হওয়াটাও জরুরি। উপদেষ্টা আশাবাদ জানান যে “এক্সপোর্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট” বইটি বাংলাদেশের শিল্পদ্যোক্তাদের আন্তর্জাতিক গুণ, মান ও নিয়মনীতি জানতে সাহায্য করবে।

বিশেষ অতিথি স্টেফান ফ্রোয়েন বলেছেন গুণগত কিছু মান নিশ্চিত করার জন্য নীতিমালা সম্পর্কে জানা জরুরি। সেইসঙ্গে জানতে হবে উৎপাদিত পণ্য ও সেবা যেন কোনোভাবেই ক্ষতিকর না হয়। “ভোক্তাদের স্বার্থেই স্বাস্থ্য ও নিরাপত্তা খাতের কিছু পন্যের ওপর বিধিমালা আরোপ করা হয়েছে” বলে তিনি মন্তব্য করেন।

রপ্তানী বাণিজ্যের আটঘাট সম্পর্কে জানতে “এক্সপোর্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট” বইটি স্থানীয় ব্যবসায়ীদের খুব উপকারে আসবে বলেই প্রকাশকরা আশাবাদী।