২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে আরও একটি মামলা

পারটেক্স গ্র“পের কোমল পানীয় আরসি কোলা কারখানার গুদামে বিএসটিআই এর অনুমোদনহীন ৪০ হাজার বস্তা (১৮ শ’ মেট্রিক টনের বেশি) চিনি উদ্ধার করেছে যৌথবাহিনী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 10:11 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এ ঘটনায় চেয়ারম্যান এম এ হাশেমসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সেনা সদস্য, র্যাব, পুলিশ এবং বিএসটিআই এর কর্মকর্তারা মঙ্গলবার বিকেলে গাজীপুরের বাংলা বাজার এলাকায় আরসি কোলা কারখানায় এ অভিযান চালায়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আরসি কোলার গুদামে বিএসটিআই এর অনুমোদনবিহীন ১৮শ’ মেট্রিক টন চিনির (৩৬ হাজার বস্তা) সন্ধান পাওয়া যায়।

এই বস্তাগুলোর মধ্যে অনেকগুলোই মেয়াদোত্তীর্ণ। স্যাঁতস্যাঁতে পরিবেশে বস্তাগুলো রাখার কারণে সেগুলোর অধিকাংশই ভেজা এবং জমাট বাঁধা। চিনির রংও লালচে হয়ে গেছে।

যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদে আরসি কোলার কর্মকর্তারা জানান, আবুল খায়ের গ্র“প এর মেসার্স শফি ট্রেডার্সের কাছ থেকে গত ডিসেম্বরে চিনিগুলো কেনা হয়েছে।

বিএসটিআই এর সিনিয়র সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, চিনির বস্তাগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। তাছাড়া ক্রিস্টাল চিনির জন্য বিএসটিআইয়ের যে অনুমোদন প্রয়োজন হয় তা এগুলোতে নেই।

অনেক বস্তাই মেয়াদোত্তীর্ণ। তবে চিনির মান মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেনি।

এ ব্যাপারে আরসি কোলার ব্যবস্থাপক (মান নিয়ন্ত্রণ) এসএম হায়দার আলী বলেন, “আমাদের প্রতিদিনের চাহিদা ৩০ টন চিনি। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এতো পরিমাণ চিনি গুদামে পড়ে থেকেছে।”

এদিকে অভিযানের শেষ পর্যায়ে গোপন সূত্রে খবর পেয়ে যৌথবাহিনী পারটেক্সের অপর একটি কারখানায় সরিয়ে ফেলা দুটি কাভার্ড ভ্যানে চার হাজার মেয়াদোত্তীর্ণ চিনির বস্তার সন্ধান পায়।

পরে যৌথবাহিনী পারটেক্স গ্র“পের চেয়ারম্যান এম এ হাশেম, দুই ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ ও রাসেল আজিজসহ নয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে।