২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর নেওয়ার পরপরই সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে নতুন আইন আসছে

অবসর গ্রহণের পর অন্তত তিন-চার বছর যেন সরকারি চাকুরেরা নির্বাচন না করতে পারেন তার বিধান রেখে একটি নতুন অধ্যাদেশ জারি করতে যাচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করতেও বিধান রাখা হচ্ছে ওই একই অধ্যাদেশে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 09:09 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এর আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ছিল ঐচ্ছিক বিষয়।

মঙ্গলবার দুপুরে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে তার কক্ষে সাংবাদিকদের এ তথ্য দেন।

মইনুল বলেন, “সরকারি কর্মকর্তারা অবসর গ্রহণ করার পরে অন্তত তিন থেকে চার বছর নির্বাচন করতে পারবেন না-- এ ধরনের বিধান রেখে আমরা একটি আইন করার চিন্তা ভাবনা করছি।”

অবসর গ্রহণের পর পরই নির্বাচনে অংশ নিতে কোনো বাধা না থাকায় চাকুরিরত অবস্থায় প্রশাসনকে দলীয় আনুগত্যের ভিত্তিতে পরিবচালনা করেন অনেক আমলা। এ ধরনের কার্যকলাপ বন্ধ রাখার জন্যই মূলত এ ধরনের অধ্যাদেশের উদ্যোগ নিয়েছে সরকার।

মইনুল হোসেন আরও জানান, গণতন্ত্রের স্বার্থে এ ধরনের আইন প্রণয়ন করতে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর নিবন্ধন যদি বাধ্যতামূলক হয় তবে দলগুলোর স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

এ ধরনের আইন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে কি না এরকম এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে।”

তিনি আরও বলেন, “রাজনীতি যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে প্রশাসন, ব্যবসায়ীসহ গোটা সমাজ দুর্নীতিমুক্ত হবে।”

বর্তমান দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে মইনুল বলেন, “এই মুহূর্তে যারা দুর্নীতির নেতৃত্ব দিচ্ছে, যারা মনে করে তারা আইনের উর্ধ্বে, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অবশ্য কোনো দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী এই মুহূর্তে তাদের লক্ষ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “ এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে সাধারণ আইনেই ব্যবস্থা নেওয়া সম্ভব।”

দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, “ নতুন লোক খোঁজা হচ্ছে।”

শিগগিরই কমিশন পুনর্গঠন করা হবে বলে তিনি জানান।