২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের মূল্য শহরাঞ্চলে ৫ শতাংশ বাড়ছে

শহরাঞ্চলে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০০ ইউনিটের বেশি যারা বিদ্যুৎ ব্যবহার করবে তাদের ওপর এ নিয়ম প্রযোজ্য হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 02:40 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এতে করে গ্রাম ও শহরের গ্রাহকরা এখন থেকে বিদ্যুতের জন্য সমান মূল্য দেবে।  গ্রামের গ্রাহকরা এতদিন ধরে বিদ্যুতের বেশি মূল্য দিয়ে আসছিল।

মন্ত্রি পরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন,“বিদ্যুতের দাম বাড়ানো সিদ্ধান্ত পুরোনো। গত সরকারের সময়ই এ সিদ্ধান্ত নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। কিন্তু পরে বিষয়টি স্থগিত হয়ে যায়। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে মূল্য বৃদ্ধির বিষয়টি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

বিদ্যুতের চুরি বা সিস্টেম লস না কমিয়ে বা বন্ধ না করে মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে জ্বালানী ও বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী বলেন,“বিদ্যুতের চুরি বা সিস্টেম লস কিংবা অপচয়-যাই বলুন না কেন তা বন্ধের জন্য কাজ করছি। আমাদের সময়েও হয়ত ১০০ শতাংশ বন্ধ করা সম্ভব হবে না। তারপরও যেটুকু হবে সেটা কাজে আসবে।”

উল্লেখ্য বিদ্যুৎ খাতে গড়ে ২৪ শতাংশ সিস্টেম লস হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভাগের যেসব কর্মকর্তা ও কর্মচারি সিস্টেম লস বা অপচয়ের সঙ্গে জড়িত ছিল তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপর থেকে গ্রাহক সেবার মান কমলে বা কর্মকর্তা কর্মচারিদের আবারও এসব কাজে জড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, শতকরা ৮০ ভাগ গ্রাহক ১০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করে। তাদের ওপর মূল্য বৃদ্ধির কোন প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মূলত বিদ্যুতের উৎপাদন ব্যয় ও ভর্তুকি কমিয়ে আনার জন্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য এর আগে ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ হারে বাড়ানো হয়। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল আড়াই টাকা।