৫ বছরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপদেষ্টা মইনুল
গত পাঁচ বছরে সাংবাদিক হত্যা এবং নির্যাতনের প্রতিটি ঘটনা দ্রুত তদন্ত শেষে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
রোববার বিকেলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।
ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “সোমবার পুলিশের মহাপরিদর্শককে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে।”
বৈঠকে সাংবাদিক নেতারা ষষ্ঠ ওয়েজবোর্ড বাস্তবায়নসহ ছয় দফা দাবি উথাপন করেন।
ষষ্ঠ ওয়েজবোর্ড বাস্তবায়নে আইনগত জটিলতা নিরসন করে অবিলম্বে তা কার্যকর আশ্বাস দেন উপদেষ্টা মইনুল হোসেন।
এ ছাড়াও বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে যেসব সাংবাদিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান উপদেষ্টা।
প্রতিনিধি দলে ছিলেন বিএফইউজে এর সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বর্তমান সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সহ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং যুগ্ম সম্পাদক শাবান মাহমুদ।
