শিগগিরই পুনর্গঠিত হচ্ছে দুদক
স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করে তা দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে স্বাধীন দুদক সংস্কার সংক্রান্ত কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, কমিশন যেন সবসময় স্বাধীনভাবে মামলা পরিচালনা করতে পারে তা মাথায় রেখেই পুনর্গঠনের কাজ করা হবে। কমিটির সদস্য উপদেষ্টা এমএ মতিন বলেন, “প্রয়োজনে আমূল সংস্কার করা হবে।”
এ ছাড়া বৈঠকে দুদক এর সংস্কার বিষয়ে বেশকিছু বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আছে দুর্নীতির দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা।
সেইসঙ্গে তদন্ত শুরুর ৪৫ দিনের মধ্যে চার্জশিট তৈরি এবং তা দাখিলের সাতদিনের মধ্যে বিচার শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব মামলা চলবে বিশেষ আদালতে।
দুদকের নিজস্ব আইনজীবী ইউনিট যাতে দ্রুত সক্রিয় হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবে সংস্কার কমিটি। এছাড়া দুদকের মামলা পরিচালনার জন্য ঢাকার কয়েকটি আদালতও নির্দিষ্ট করা হবে।
দুদক সংস্কার সংক্রান্ত বিধি--বিধানগুলো চূড়ান্ত হবে শিগগিরই। দুই সপ্তাহের মধ্যে এই বিধি--বিধানগুলো সংশোধন এবং অন্যান্য দেশে প্রাসঙ্গিক আইনগুলো পর্যালোচনা হবে।
এ ছাড়া সার্বিক কী কী বিষয় পুনর্গঠন করা যায় তা পরীক্ষা--নিরীক্ষা করে দেখা হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
সূত্র জানায়, মামলা এবং পুনর্গঠনের কাজ একইসঙ্গে চলবে। শুরুতে বড় বড় মামলার শুনানি ত্বরান্বিত করা হবে। এক্ষেত্রে নতুন ও পুরনো মামলা থেকে গুরুত্বপূর্ণ মামলাগুলো বাছাই করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া কমিশনের চেয়ারম্যানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যেন দ্রুত পদত্যাগ করেন সে ব্যাপারটি নিশ্চিত করতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদের ২২ জানুয়ারির প্রথম বৈঠকে দুদক সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে আইন উপদেষ্টা মইনুল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি সংস্কার কমিটি গঠন করা হয়।
কমিটি একাধিক বৈঠকের পর উপদেষ্টা পরিষদের কাছে সংস্কার বিষয়ে তাদের চুড়ান্ত সুপারিশমালা পেশ করবে। তবে কতদিনের মধ্যে এই সুপারিশমালা চুড়ান্ত হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি উপদেষ্টারা।
এদিকে দুদক চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান বলেন, “প্রয়োজনে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে আমাদের অনুরোধ করলে আমরা স্বেচ্ছায় দুদক থেকে পদত্যাগ করবো।”
ব্যর্থতার দায়দায়িত্ব স্বীকার করে চলে যাচ্ছেন না কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “ব্যর্থতার দায়ভার আমাদের নয়। সীমিত জনবল, আইনের অপর্যাপ্ততা, বিধিবিধানের অভাবকেই বরং দোষ দিতে হবে।”
