চট্টগ্রামে পাঁচ লাখ বস্তা সার ও পণ্য আটক
নগরীতে আরো একটি বড়ধরনের অভিযান চালিয়ে যৌথবাহিনী শুক্রবার বিকালে প্রায় পাঁচ লাখ বস্তা সার ও অন্যান্য আমদানীকৃত পণ্যসামগ্রী আটক করেছে।
নগরীর মাঝিরঘাট এলাকার নয়টি গুদাম থেকে উদ্ধারকৃত সার, পোল্ট্রি ফিড, কস্টিক সোডা এবং ওয়াশিং স্টোনসহ এসব পণ্যসামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০৫ কোটি টাকার বেশি বলে যৌথ বাহিনী ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।
যৌথ বাহিনীর সদস্যরা শুক্রবার বিকালে মাঝির ঘাট এলাকায় অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা বিজিএমসি’র (বাংলাদেশ পাটকল কর্পোরেশন) নয়টি গুদামে অভিযান চালায়।
যৌথ বাহিনীর সূত্র জানায়, এসব গুদামে মজুদ করা দেড় লাখ বস্তা নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন ধরনের সার, দেড় লাখ বস্তা টিএসপি সার, ৭৫ হাজার বস্তা এফএমপি সার, ৭৫ হাজার বস্তা এমওপি সার, ৩৫ হাজার বস্তা কষ্টিক সোডা, আট হাজার বস্তা পোল্ট্রি ফিড, এক হাজার বস্তা ওয়াশিং স্টোন এবং ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
অভিযানকালে জিলানী এন্টারপ্রাইজের দুইজন কর্মচারীকে যৌথবাহিনী আটক করেছে। তারা হলেন সুপাইভাইজার নুর হোসেন (৫০) ও কর্মচারী অসীম দাশ (২৬)। তবে আমদানীকারক মজুদদারদের কাউকে পাওয়া যায়নি।
জানা যায়, বিজেএমসির কাছ থেকে আটটি প্রতিষ্ঠান ইজারা নিয়ে দীর্ঘদিন থেকে এসব গুদামে পণ্যসামগ্রী গুদামজাত করে রাখত। জিলানী এন্টারপ্রাইজ, মেসার্স কন্টিনেন্টাল, এন রহমান, ইস্ট ইঞ্জিনিয়ারিং, বিকন ইঞ্জিনিয়ারিং, খাজা ট্রেডিংসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান এসব গুদাম ব্যবহার করত।
এদিকে, যৌথ বাহিনী চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ একজন ডাকাত ও চারজনকে আটক করেছে।
যৌথ বাহিনী আনোয়ারার পড়–য়াপাড়া থেকে মো. ফারুক নামে এক ডাকাতকে দুটি এলজিসহ আটক করে।
এছাড়া অপর আটককৃতরা হলেন- বাড়বকুন্ডের মোজাম্মেল হোসেন কিসলু, মহেশখালীর মো. নেছার, রামুর দিল মোহাম্মদ এবং নগরীর কলেজ রোডের তপন শংকর চাকমা।
