গাজীপুরে গৃহবধু খুন
কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামে ঝর্ণা আক্তার (২৩) নামে এক গৃহবধু খুন হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে প্রতিবেশি বিল্লালের গোয়াল ঘর থেকে তার লাশ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে ঝর্ণাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ৫/৬ বছর আগে শ্রীপুরের প্রহলাদপুরের ইসমাইলের সঙ্গে ঝর্ণার বিয়ে হয়। বিয়ের পর থেকে ইসমাইল সৌদি প্রবাসী ছিল।
দুই মাস আগে দেশে ফেরার পর স্ত্রীর সঙ্গে তার প্রচণ্ড মনোমালিন্যের জেরে ৬ দিন আগে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে ঝর্ণা জাঙ্গালিয়ার তেওতলায় বাবার বাড়িতে ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পাওনা টাকা আনতে জনৈক প্রতিবেশির বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে ঝর্ণা নিখোঁজ হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হমায়ুন কবির জানান, নিহতের পিতা আবু তাহের বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
শুক্রবার গাজীপুর সদর হাসপাতালে ঝর্ণার লাশের ময়না তদন্ত হয়েছে।
