চাঁপাইনবাবগঞ্জে ৪১৮টি ট্রান্সফরমার চুরি, হুমকির মুখে বোরো চাষ
জেলার বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলে বিদ্যুতের ৪১৮টি ট্রান্সফরমার চুরি ও লোডশেডিংয়ের কারণে কৃষকদের চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কয়েক হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত হয়ে পড়ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অসীম কুমার মালাকার জানান, জেলায় এবার ৪৯ হাজার ২৮৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত চারা রোপন হয়েছে প্রায় ২ হাজার হেক্টর জমিতে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-- বিএমডিএ অফিস সূত্র জানায়, বরেন্দ্র অঞ্চলে সেচ কাজে ব্যবহৃত ৪১৮টি ট্রান্সফরমার গত এক বছরে চুরি হয়ে গেছে। যার দাম প্রায় ২ কোটি টাকা। এর মধ্যে সদর উপজেলায় ৭৭টি, শিবগঞ্জ উপজেলায় ১৩৬টি, গোমস্তাপুর উপজেলায় ৫৮টি, নাচোল উপজেলায় ৮৭টি ও ভোলাহাট উপজেলায় ৬০টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
চুরি হওয়া ট্রান্সফরমারের জায়গায় পল্লী বিদ্যুৎ সমিতির নতুন ট্রান্সফরমার বসানোর কথা রয়েছে। তবে কৃষকরা জানান, নতুন ট্রান্সফরমার বাবদ টাকা তাদেরকেই পরিশোধ করতে হবে। মৌসুমের শুরুতে জমি চাষ, সার, কীটনাশকসহ বিভিন্ন খরচের পাশাপাশি ট্রান্সফরমারের জন্য টাকা দেওয়া কষ্টকর বলে তারা জানান।
সদর উপজেলার রামজীবনপুর গ্রামের নূরতাজ আলী, শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার মর্দনা গ্রামের জিল্লুর রহমান, নয়ালাভাঙ্গ গ্রামের তাজেমুল ইসলাম জানান, রামজীবনপুর ও কৃষ্ণপুর মৌজায় দুটি ও শিমুলতলা মৌজায় তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। নতুন করে এগুলো স্থাপন করতে কয়েক হাজার টাকা লাগবে।
তারা বলেন, ওই সব গভীর নলকূপের আওতায় সহস্রাধিক কৃষকের জমি আছে। সময় মতো ট্রান্সফরমার স্থাপন করা না হলে তারা ধান চাষ করতে পারবেন না।
কৃষকরা জানিয়েছেন, কানসাট আন্দোলন চুক্তি অনুযায়ী ট্রান্সফরমার চুরি হলে পল্লী বিদ্যুত সমিতিরই বিনামূল্যে তা সরবরাহ করার কথা। অথচ সমিতি উল্টো টাকা নিচ্ছে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুত সমিতির জিএম মজিরুদ্দিন খাঁ বলেন, “কানসাট আন্দোলনে নিহত আহতদের ক্ষতিপুরণের টাকা চুক্তি অনুযায়ী সরকারের দেওয়ার কথা থাকলেও সমিতিকে তা বহন করতে হয়েছে। সমিতি এমনিতেই অনেক ক্ষতিগ্রস্ত। এখন পল্লী বিদ্যুতের নিয়মানুযায়ী চুরি যাওয়া ট্রান্সফরকার আবার স্থাপনের ক্ষেত্রে অর্ধেক টাকা কৃষককে দিতে হবে।”
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ফাইজুল কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “পল্লী বিদ্যুত সমিতি ট্রান্সফরমারের অর্ধেক দাম দিতে রাজি হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন কৃষক অর্ধেক দাম দিয়ে ট্রান্সফরমার নিয়ে গেছে।”
