২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ

পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সব ধরনের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে বিটিআরসির পাঠানো এক চিঠির মূলে এ আদেশ জারি করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এর ফলে সেখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন এন্টেনার সাহায্যে বাণিজ্যিকভাবে ফিক্সড মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার রাঙ্গামাটি জেলা শহরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এর পরপরই শহরে এন্টেনা নামানোর হিড়িক পড়ে যায়। তবে কয়েকটি এলাকায় মোবাইল ব্যবহার বন্ধ না হওয়ায় মঙ্গল ও বুধবার যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় জব্দ করা হয় এন্টেনাসহ ২০টিরও বেশি মোবাইল সেট।   

নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, তিন পার্বত্য জেলা প্রশাসককে আহ্বায়ক করে মোবাইল ফোন সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। ৪ ফেব্র“য়ারি এই কমিটির বৈঠক হওয়ার কথা। সেখান থেকে এ বিষয়ে নতুন দিক নির্দেশনা দেওয়া হতে পারে।

প্রসঙ্গত সারাদেশে মোবাইল নেটওয়ার্ক চালু থাকলেও বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তিন পার্বত্য জেলায় মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। এর সুযোগে উচ্চ ক্ষমতাসম্পন্ন এন্টেনা লাগিয়ে তিন পার্বত্য জেলা ও উপজেলায় গড়ে উঠে বাণিজ্যিক মোবাইল সেন্টার। এসব সেন্টার থেকে পার্বত্য এলাকার লোকজন দেশে-- বিদেশে তাদের আত্মীয় -- স্বজনদের সঙ্গে যোগাযোগ করে আসছেন। এক হাজারেরও বেশি প্রাইভেট প্রতিষ্ঠান এই ব্যবসার সঙ্গে জড়িত। তবে বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসন এদের বিরুদ্ধে অভিযান চালালেও তা বন্ধ করা সম্ভব হয়নি।

সরকার এবারই প্রথমবারের মত মোবাইল ফোন ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করলো।