খুলনায় ৭ কোটি টাকার ভেজাল খাদ্যসামগ্রী উদ্ধার
খুলনা নগরীর ৭নং ঘাট রুজভেল্ট জেটি এলাকায় পাঁচটি গোডাউনে যৌথবাহিনী অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকার খাবার অনুপযোগী পচা গম, চিনি ও ডাল জব্দ করেছে।
এ সময়ে গোডাউনের দায়িত্বে থাকা ছয়জনকে গ্রেপ্তার এবং গোডাউনগুলো সিল করে দেওয়া হয়।
বৃহস্পতিবার বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত যৌথবাহিনী মজুদদারদের বিরুদ্ধে এ অভিযান চালায়।
যৌথবাহিনী সূত্র জানায়, খুলনা মহানগর হাকিম মোহাম্মাদ আতিকুল হকের নেতৃত্বে যৌথবাহিনী বেলা ৩ টা থেকে ৭নং ঘাট রুজভেল্ট জেটি এলাকায় অভিযান চালায়।
এ সময়ে বিআইডিসি ও টিসিবির ভাড়া দেওয়া পাঁচটি গোডাউন থেকে পচা দুর্গন্ধযুক্ত ও পোকা ধরা ১ লাখ ১০ হাজার বস্তা গম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৮৮ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একই সময়ে ওইসব গুদাম থেকে ৯৪ হাজার বস্তা -- নষ্ট চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।
এ ছাড়া গোডাউনে থাকা পচা দুর্গন্ধ ও পোকা ধরা ৪০ হাজার বস্তা খেসারি ও ছোলার বুট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। যৌথবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত এসব সামগ্রী জব্দ করে নিয়ে গেছে। জব্দ তালিকা তৈরির পর ৫টি গোডাউন সিলগালা করে দেওয়া হয়।
যৌথ বাহিনীর একটি সূত্র জানিয়েছে, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বাগদাদ ট্রেডিং এর স্বত্বাধিকারী হাজী আমিন, রাজ্জাক ব্রাদার্সের স্বত্বাধিকারী হাজী সেলিম ও বিএসকে ট্রেডার্স এসব মালামালের মালিক।
ঘটনাস্থল থেকে যৌথবাহিনী হুমায়ুন কবীর, এসএমএ খালেক ও হানিফ সরদার নামে তিন স্টোর কিপারকে গ্রেপ্তার করে।
হুমায়ুন কবীর জানান, গত বছর ৭ সেপ্টেম্বর এসব পণ্যসামগ্রী দেশের বিভিন্ন জেলা থেকে কার্গো যোগে ৭নং ঘাটে আনা হয়।
তিনি জানান, ইতোমধ্যেই কয়েক হাজার বস্তা গম চিনি ও ডাল বাজারে বিক্রি করা হয়েছে।
