চট্টগ্রামে সাড়ে ৭ লাখ বস্তা খাদ্যসামগ্রী ও সার আটক
শৃংখলা বাহিনী নগরীর বিভিন্ন স্থানে পণ্য মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। যৌথ বাহিনীর পাশাপাশি র্যাব--৭ এর সদস্যরা বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে নগরীতে প্রায় সাড়ে সাত লাখ বস্তা খাদ্যসামগ্রী ও সার আটক করেছে।
বৃহস্পতিবার দুপুর এবং বুধবার রাতের এসব অভিযানে প্রায় সাড়ে সাত লাখ বস্তা চিনি, ডাল, মসুর ও সার জব্দ করা হয়েছে বলে সেনা, র্যাব ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবারের অভিযানে র্যাব দুজনকে আটক করেছে।
যৌথবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার দুপুরে মাঝিরঘাট এলাকায় অবস্থিত বিআইডব্লিউটিসি এর বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন এর দুটি ভাড়া দেওয়া গুদামে অভিযান চালিয়ে চার লাখ ৪৫ হাজার বস্তা চিনি, ডাল ও সার জব্দ করেছে।
সেনা সূত্র জানায়, যৌথ বাহিনীর অভিযানকালে বিআইডব্লিউটিসির দুটি গুদামের একটি থেকে প্রায় এক লাখ বস্তা চিনি, ৭৫ হাজার বস্তা এফএমপি সার এবং অপর একটি গুদাম থেকে প্রায় দুই লাখ বস্তা মসুর ডাল উদ্ধার করে।
এ ছাড়া গুদামের বাইরে স্তুপীকৃত এক লাখ বস্তা জিপসাম সার উদ্ধার করা হয়। তবে এসময় কেউ আটক হয়নি।
বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তা জানান, এক নম্বর টার্মিনালের কাছে অবস্থিত এ গুদাম দুটি মেসার্স আহমদ উল্লাহ ব্রাদার্স নামে খাতুনগঞ্জের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে দুই বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল। এ প্রতিষ্ঠানের মালিক খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আমদানিকারক পারভেজ মো. কামাল উদ্দিন।
দুপুরে অভিযানের পর থেকে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার দুপুরে লে. কমান্ডার শামীমের নেতৃত্বে র্যাবের একটি দল মাঝির ঘাট এলাকায় অবস্থিত অপর একটি গুদামে অভিযান চালিয়ে ৭০ হাজার বস্তা টিএসপি ও ১০ হাজার বস্তা আমদানি নিষিদ্ধ এফএমপি সার আটক করে।
এসময় গুদামের কেয়ারটেকার উত্তম কুমার শর্মা ও কর্মচারি মিন্টুকে আটক করে।
জানা যায়, এম কে মোনায়েমের মালিকানাধীন এ গুদামে সার আমদানিকারক ও বিএফএ (বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশেন) পরিচালক নাসির উদ্দিনের মালিকাধীন আখতার এন্টার প্রাইজ এবং অপর দুটি সার আমদানীকারক প্রতিষ্ঠান ইসলাম ট্রেডিং এবং বাল্ক ট্রেডার্স সার গুদামজাত করে রেখেছিল।
এ ব্যাপারে বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বিপুল পরিমাণ এ সার মজুদের বিষয়ে নাসির উদ্দিন নফহবংি২৪.পড়স-- কে বলেন, “সার আটকের পর বন্দর ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করা হলে আমরা সেখানে কাগজপত্র জমা দিয়ে এসেছি। শনিবার আদালত শুনানির তারিখ নির্ধারণ করেছেন।”
মজুদের বিষয়ে তিনি বলেন, বৈধ কাগজপত্রের মাধ্যমে এসব টিএসপি সার গত বছরের জুলাই মাসে আমদানি করা হয়েছে। সরকার তিন মাস পর অক্টোবর মাসে সার বাজারজাত করার অনুমতি দেয়। এরপর থেকে ডিলারদের চাহিদা মোতাবেক সারা দেশে সার সরবরাহ করা হচ্ছে।”
কোনোভাবেই মজুদের উদ্দেশে এসব সার গুদামে দীর্ঘদিন ফেলে রাখা হয়নি বলে বিএফএ এর পরিচালক নাসির দাবি করেন।
আমদানি নিষিদ্ধ এফএমসি সারের বিষয়ে তিনি বলেন, “গত বছর এ সার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাজারজাত নিষিদ্ধ করা হয়নি। দেশে এফএমপি সারের চাহিদা কম থাকায় এগুলো দীর্ঘ সময় থেকে পড়ে আছে।”
অন্যদিকে ভিক্টরি জুট মিলের গুদামে বুধবার দিনভর অভিযান শেষে যৌথবাহিনীর সদস্যরা রাতে এই মিল সংলগ্ন এ কে খান জুট মিল এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ৩২ হাজার বস্তা চিনি, ডাল, গম উদ্ধার করেছে।
