২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাখো মুসল্লিতে মুখর তুরাগের তীর

সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না। বলতে পারছেন না কেউ। মাথা গুণে বলা সম্ভবও নয়। ধর্মপ্রাণ মুসল্লীরা আসছেন--গাড়িতে, বাসে, ট্রেনে, লঞ্চে, ফেরিতে, হেঁটে, যেভাবে সম্ভব-- নিরন্তর আসছেন তারা কাতারে কাতারে। আসবেনও। টঙ্গিতে তুরাগের পাড়ে শুক্রবার শুরু হচ্ছে মুসলমানদের আন্তর্জাতিক ধর্মীয় সমাবেশ “বিশ্ব ইজতেমা”।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 06:56 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

তিনদিনের এই সমাবেশকে ঘিরে কড় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। রোববার হবে ‘আখেরি মোনাজাত’। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা।

ধর্মীয় এ সমাবেশ উপলক্ষ্যে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দুজনেই মুসলিম উম্মাহ ও মানবজাতির কল্যাণ কামনা করেছেন।

খালেদা জিয়া তার বাণীতে অংশগ্রহনকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম সমাবেশ ইসলামী অনুশাসনের প্রতি মানুষকে আরো বেশি আকৃষ্ট করার পাশাপাশি সার্বজনীন উদারতা ও শান্তির বাণী প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেছে। সমাজে শান্তি প্রতিষ্ঠা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যরে বন্ধনকে আরো দৃঢ় করতে বিশ্ব ইজতেমা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”

শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, “তাবলীগ-জামাতের প্রধান সম্মেলন বিশ্ব ইজতেমা আজ বিশ্বময় স্বীকৃত। প্রতি বছরের মতো এবারের বিশ্ব ইজতেমায়ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসুল্লি সমবেত হবেন।”

সেই ১৯৬৬ সাল থেকে ঢাকার ২০ কিলোমিটার উত্তরে প্রতিবছর বসছে বিশ্ব ইজতেমার এই আসর। বলা হয়ে থাকে পবিত্র হজ্বের পর এটাই মুসলিমদের বৃহত্তম আন্তর্জাতিক সমাবেশ। রাজনীতি নয়, এখানে অংশ নেওয়া মুসলমানদের মধ্যে  আলোচনা হয় ইসলামী জীবন ব্যবস্থা নিয়ে। তারা কোরআন শরীফ পাঠ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম বিদ্বানদের ওয়াজ শোনেন।

১৯০ একর জায়গা জুড়ে আয়োজিত ইজতেমার আখেরি মুনাজাতে ২০০৬ সালে অংশ নিয়েছিলেন ২৫ লাখেরও বেশি মানুষ। মহিলাদের মূল সমাবেশের জায়গায় প্রবেশ নিষেধ বলে তারা কাছেরই এক গ্রামে সমাবেত হন আখেরি মুনাজাতের দিন।

প্রতিবারের মতো এবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। ১০ হাজারেরও বেশি পুলিশ এবং আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য রয়েছেন এই দায়িত্বে। পুলিশ কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা জালাল আহমেদ বৃহস্পতিবার দুপুরে নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, “১০ হাজারেরও বেশি পুলিশ এবং র্যাব, সেনাবাহিনী ও আনসারসহ আরো ৫ হাজার নিরাপত্তাবাহিনীর সদস্য আগামীকাল থেকে প্রহরার দায়িত্ব পালন করবে।”

নিরাপত্তাকর্মীরা ৭টি পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করেছেন যেখান থেকে সমাবেশের প্রতিটি প্রবেশস্থলের দিকে কড়া নজর রাখবেন তারা। ইজতেমার মাঠ মেটাল ডিটেক্টর দিয়ে তন্ন তন্ন করে তল্লাশি করা হয়েছে বেশ ক’বার। পাশাপাশি ৫০টিরও বেশি নিরাপত্তা ক্যামেরা বসানো হয়েছে বিভিন্ন জায়গায়।

স্বেচ্ছাসেবকেরাও তৎপর। অংশগ্রহণকারীদের সুবিধার জন্য হাজার হাজার তাঁবু খাটানো হয়েছে। এর বাইরে তুরাগ নদীর উপর ৭টি অস্থায়ী সেতু তৈরি করেছেন সেনা সদস্যরা। বাংলাদেশের বাইরে থেকে ২ হাজারেরও বেশি ধর্মপ্রাণ এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন। রোববার আখেরি মুনাজাতে আরো কয়েক হাজার আসবেন বলে জানিয়েছেন ইজতেমার আয়োজক তাবলীগ জামাতের মুখপাত্র আব্দুর রহিম।