২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশ হেফাজতে মুক্তিযোদ্ধার মৃত্যু

সাতক্ষীরায় বুধবার পুলিশ হেফাজতে মুক্তিযোদ্ধা ও বিডিআরের অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল ওহাব (৫৫) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাতক্ষীরা প্রতিনিধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 12:10 AM

Updated : 26 Apr 2022, 02:00 PM

দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার নিহা গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে তিনি মারা যান।

গ্রামবাসীরা জানান, সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল ওহাব গ্রামের একটি বাড়িতে তাস খেলার সময় পুলিশ ধাওয়া দিয়ে আরো দুজনসহ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

তার স্ত্রী আনোয়ারা খাতুন ও দুই ছেলে অভিযোগ করেন, বিনা অপরাধে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ অমানুষিক নির্যাতন চালিয়ে থানা লকআপে আটকে রেখেছিল। নির্যাতনের কারণে লকআপেই তার মৃত্যু হয়। তারা আইনের আশ্রয় নেবেন বলেও জানিয়েছেন।

তবে মৃত্যুর কারণ নিয়ে পুলিশের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। সাতক্ষীরার এস পি মির্জা আব্দুল্লাহ হেল বাকী জানান, আব্দুল ওহাবকে আটক করার পর একজন কনস্টেবলের কাছে দেওয়া হয়। সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে মারধর করে। অসুস্থ ওহাবকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান।

অন্যদিকে সদর থানার সাব ইনস্পেক্টর জসিম বলেন, হঠাৎ থানা হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দাবি করেন হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হরষিৎ চক্রবর্তী বলেছেন,  কী কারণে আব্দুল ওহাবের মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত ছাড়া বলা যাবে না।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।  হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।